ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ভাইরাসটিতে একদিনের সর্বোচ্চ সংখ্যা। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও একদিনে সর্বোচ্চ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ছয়জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, এর মধ্যে শনিবার মারা যাওয়া তিনজন আছেন। অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দুইদিনে যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে, দুজনের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুজনের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়া ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল এবং চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে মারা গেছেন।
মৃত ব্যক্তিদের মধ্যে ছয় জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। চারজনের বয়স ২৬-৩০ বছরের মধ্যে। তিনজনের বয়স ৩১-৩৫ বছরের মধ্যে। দুইজনের বয়স ৩৬-৪০ বছরের মধ্যে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৬৩১ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হল সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ভাইরাসটিতে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া ঢাকা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ১৬৬ জন এবং সিলেট বিভাগে আট জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
এমইউ/