০৮ জুলাই, ২০২৫ ০২:৪০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ২য় দিনের মতো ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ২য় দিনের মতো ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) চিঠি বাতিল ও বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালান করেন তারা।

সমাবেশে জানানো হয়, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা একটি চিঠি (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪১.৪৮.০০১.২৪-৪৪৫) চিকিৎসা মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই চিঠির মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় অতীতে অবৈধভাবে ইউনানী ও আয়ুর্বেদিক ডিগ্রি গ্রহণকারী চিকিৎসকদের পুনরায় স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা চলছে। এতে একদিকে যেমন ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার মান হ্রাস পাবে, অন্যদিকে দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।’

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা গত ১ জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। আজকের অবস্থান কর্মসূচিতে তাদের উপস্থিতি ও দৃঢ় অবস্থানের কারণে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়।

আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি—

১. বিতর্কিত ও ‘অবৈধ চিঠি’ অবিলম্বে বাতিল করতে হবে।
২. ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার জন্য পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ, সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, তাদের এই ন্যায্য ও শান্তিপূর্ণ দাবি দীর্ঘসূত্রতার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা কিংবা আন্দোলন বানচালের চেষ্টা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. আবু জাহের আলোচনায় বসার জন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত