ডা. মুহাম্মাদ সিদ্দিক
এমবিবিএস, এমপিএইচ
এমডি (ইন্টারনাল মেডিসিন)
চিকিৎসক ও জনস্বাস্থবিষয়ক লেখক
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
৩০ জুন, ২০২৫ ০৫:১৫ পিএম
আপনি ক্যান্সার থেকে অবশ্যই বাঁচতে পারেন
কেস স্টাডি-১
পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ রোগী এক বছরে পাঁচবার তার চিকিৎসকের শরণাপন্ন হন। এর মধ্যে তিনবার তিনি রক্ত পরীক্ষা করান। শুরুতে হিমোগ্লোবিনের মাত্রা ছিল ১৪, যা ধীরে ধীরে কমে ৯-এ নেমে আসে।
ষষ্ঠবার রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন তার হিমোগ্লোবিনের মাত্রা ছিল ৯ এবং তিনি জানান, গত দুই মাস ধরে তিনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। এই এক বছরের মধ্যে রোগীকে FOBT/FIT (স্টুলে রক্ত পরীক্ষার মাধ্যমে কোলন ক্যান্সার স্ক্রিনিং) করানো হয়নি। পরে যখন তাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করা হয়, তখন তার কোলন ক্যান্সার শনাক্ত হয়।
কেস স্টাডি-২
একজন নারী রোগী তিন বছর আগে ডান স্তনে ব্যথা অনুভব করলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। তখন চিকিৎসক তার ম্যামোগ্রাম ও সনোগ্রাম করান এবং তাকে নিয়মিত স্তন পরীক্ষা করতে বলেন।
তিন বছর পর একই সমস্যার পুনরাবৃত্তি হলে এবার তার স্তন ক্যান্সার ধরা পড়ে। উল্লেখ্য, এই তিন বছরে তাকে আর স্ক্রিনিং ম্যামোগ্রাম করার জন্য উৎসাহিত করা হয়নি।
মূল বার্তা
এই কেস স্টাডিগুলোর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার—যখন একজন রোগী ডায়াবেটিস, হাইপারটেনশন বা হাইপারলিপিডেমিয়ার ফলোআপে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, তখন অবশ্যই এসব রোগের চিকিৎসা জরুরি। তবে তার পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসা ও স্ক্রিনিং পরীক্ষাগুলোর গুরুত্ব অবহেলা করা উচিত নয়।
প্রতিরোধমূলক চিকিৎসা
৪০ বছর বয়সের পর নারীদের ম্যামোগ্রাম, প্রজনন বয়সী নারীদের জন্য জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং (প্যাপ টেস্ট), পুরুষ রোগীদের জন্য প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং (পিএসএ টেস্ট), উভয় লিঙ্গের জন্য কোলন ক্যান্সার স্ক্রিনিং (এফওবিটি/ এফআইটি)—বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি এই স্ক্রিনিং পরীক্ষাগুলো সম্পর্কে রোগীদের সচেতন করেন, তাহলে ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ থেকে তারা নিজেকে রক্ষা করতে পারবেন। এতে মরবিডিটি (দীর্ঘমেয়াদি রোগজনিত দুর্ভোগ) ও মর্টালিটি (রোগজনিত মৃত্যু) কমবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হওয়ায় চিকিৎসার ব্যয়ও অনেকাংশে হ্রাস পাবে।
বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশে প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞ চিকিৎসকের সক্রিয় উদ্যোগ রোগীর জীবন রক্ষা করতে পারে—এটি প্রমাণিত সত্য।
টিআই/এনএআর/
-
২৫ অগাস্ট, ২০২৫
-
৩০ জুন, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫