বিএমইউতে চিকিৎসকসহ দেড় হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি এনসিপির
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পদে নতুন নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। একই সাথে সুপার স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসা সেবার অচলাবস্থা দূর করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
রোববার (২৯ জুন) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাতে এই দাবি জানায়। এ সময় ভাইস চ্যান্সেলরকে একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থায় চিকিৎসাসেবা আরও কার্যকর, সুশৃঙ্খল ও সময়োপযোগীভাবে পরিচালনার জন্য নতুন মেডিকেল অফিসার নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। বর্তমানে কর্মরত মেডিকেল অফিসারদের উপর অতিরিক্ত কর্মচাপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় জনবল সংকটের কারণে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে—যা শিক্ষার্থী, কর্মকর্তা ও সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।’
এতে বলা হয়, ‘তাই, আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, যাতে অতি দ্রুত নতুন মেডিকেল অফিসার নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং প্রস্তাবিত পদসমূহ অনুমোদনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।’
স্মারকলিপিতে ৫০০ মেডিকেল অফিসার, ৫০০ নার্স, ২০০ বিশ্ববিদ্যালয় শিক্ষক, ২০০ জন ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী এবং ১০০ টেকনোলজিস্ট নিয়োগের সুপারিশ করেছে এনসিপি।
এতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আপনার বিচক্ষণ সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা আরও মানসম্মত ও জোরদার করা সম্ভব হবে। আশাকরি, আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’
এনএআর/
-
১২ নভেম্বর, ২০২৫