এনসিপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন এনএইচএর আত্মপ্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মতো চিকিৎসকের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত এই সংগঠনটির নাম ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এ সময় ১৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ড্যাব, এনডিএফ ও নার্সেস এসোসিয়শনসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণা করে এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু এনএইচএ’র ডাক্তার হলে পদায়ন প্রমোশন হবে, সুবিধা পাবে, এমনটা নয়। সবার জন্য মেধা যোগ্যতার ভিত্তিতে সবকিছু হবে। চিকিৎসক ও রোগীদের জন্য আমরা ইনসাফ কায়েম করবো।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন। শুধু সেবাদাতা নয়, বরং সেবা গ্রহীতারও দিক বিবেচনা করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী অনেক পরিবর্তন প্রয়োজন, সেটি ন্যাশনাল হেলথ এলায়েন্স নিশ্চিত করবে, আশা করি। আমরা চাই জুলাইয়ের দিনগুলোর মতো চিকিৎসা পাওয়ার অধিকার রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সদরুল আলম বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। এটাকে বিভিন্ন দেশের তুলনায় একটা মানে উন্নীত করতে চাই। আমরা ট্রান্সফারেন্ট, ডেমোক্রেটিক ও ইনসাফের ভিত্তিতে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান, বিসিএস ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, নবগঠিত কমিটির সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, মুখ্য সংগঠক ডা. ইউসুফ জামিল তিহান, মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবির হিমু প্রমুখ।
এমইউ/