সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ
মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এতে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন।
আজ রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।
আন্দোলনে অংশ নেয়া সুনামগঞ্জের মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজে পাঁচটা ব্যাচ চালু হওয়ার পরেও কোন ওয়ার্ড নেই, হাসপাতাল নেই। গত এক বছর আমরা মাত্র ১০ দিন ওয়ার্ড করেছি। একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই এসব মৌলিক সুবিধা না থাকার প্রতিবাদে আমরা দুই দফা দাবি নিয়ে মাঠে নামি, যথা—১. হাসপাতাল ও ২. ওয়ার্ড সুবিধা।
তিনি বলেন, দিনের পর দিন মানববন্ধন, ক্লাস বর্জন করার পরেও শুধু আশ্বাস ছাড়া তারা কোনো কার্যকর পদক্ষেপ দেখেননি। তাই আমরা আজকে অবরোধ কর্মসূচি নিতে বাধ্য হই।
তিনি বলেন, সেনাবাহিনী তাদের এই যৌক্তিক দাবিকে উপেক্ষা করে একটা সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট এর উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীদের অনেকেই গুরুতর আহত হন। আমাদের মৌলিক ও ন্যায্য একটা দাবি চাওয়ায় আজ তাদের সাদা অ্যাপ্রন রক্তাক্ত হলো!
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, “আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক। কিন্তু যেহেতু তারা রাস্তা বন্ধ করে রেখেছিল এবং সরতে চায়নি, তাই কিছুটা বলপ্রয়োগ করে আমরা তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এর বেশি কিছু হয়নি।”
গত মঙ্গলবার থেকে বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন।
টিআই/এমইউ