ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিয়ে কোনো অপতৎপরতা মানা হবে না: ইউমব
মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিয়ে কোনো অপতৎপরতা চিকিৎসক সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)।
আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনে (বিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়া উচ্চারণ করেন তারা।
লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মোবারক হোসাইন বলেন, ‘আপনারা অবগত আছেন, গত ১২ মার্চ হাইকোর্ট বিভাগ থেকে মহামান্য আদালত রায় দিয়েছেন, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবে না। গোটা দেশবাসী ও চিকিৎসকসমাজ এই রায়কে ন্যায়সঙ্গত হিসেবে স্বাগত জানিয়েছে।’
তিনি বলেন, ‘মেডিকেল অ্যাসিস্টান্টদের আবেদনের প্রেক্ষিতে ডাক্তার পদবি সংক্রান্ত ২৭৩০/২০১৩ রিটটি আপিল বিভাগে শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য ২০০৭ সালে একজন মেডিকেল আসিস্ট্যান্ট আদালতে রিট করেছিলেন, ওই রিটটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছিলেন।’
‘সে হিসেবে ২৭৩০/২০১৩ এই রিট Chamber Court of Appellate Division থেকেই ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু Chamber Court of Appellate Division তা আপিল বিভাগে শুনানির জন্য মঞ্জুর করেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো অনার বা জনস্বাস্থ্যবিরোধী কোনো সিদ্ধান্ত এ দেশের সাধারণ মানুষ এবং চিকিৎসক সমাজ মেনে নিবে না’—যোগ করেন ডা. মোবারক হোসাইন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বিগত ২০০৭ সালের ১৪ এপ্রিল আপিল বিভাগ এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এটি এদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি কলঙ্কজনক অধ্যায়, এই অধ্যায়ের সমাপ্তি হতেই হবে।’
ইউমব সমন্বয়ক বলেন, ‘গোটা চিকিৎসক সমাজের নিকট আহ্বান, সবাইকে সজাগ থাকতে হবে। নতুন করে স্টে অর্ডার নেওয়ার পরিকল্পনায় জলঘোলা করার পাঁয়তারা করা হলে চিকিৎসক সমাজ আবারো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।’
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএমবি’র মুখপাত্র ডা. দীপ্ত মজুমদার, বাংলাদেশ ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল্লাহ আকাশ, হেলথ পয়েন্ট বিডির সিইও ডা. জেহাদ লস্কর এবং বাংলাদেশ ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. শাহরিমা ঋতু।
এমইউ/