বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দিনব্যাপী কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের মাল্টিপারপাস হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ১১তম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘কক্লিয়ার ইমপ্ল্যান্ট পরবর্তী চিকিৎসা, পুনর্বাসন, আউটকাম বা চিকিৎসার চূড়ান্ত ফলাফল নিয়ে গবেষণা ও বিশদ পর্যালোচনার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগামের সফলতা কামনা করে বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে অনেক শ্রবণ প্রতিবন্ধী শিশু আজ সমাজের মূল স্রোত ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এটা একটা বিরাট অর্জন।’
প্রশিক্ষণ কর্মসূচীতে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রায় এক হাজার সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীর সফলভাবে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করা হয়েছে। যাদের মধ্যে নয় শতাধিক শিশু রয়েছে। এবং মাত্র ৪১ জন নিজ খরচে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। অন্য সবাই নামমাত্র মূল্যে বিএমইউর উদ্যোগে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা কার্যক্রম। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
অটোল্যারিংগোলজির হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান ও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা, সহযোগী অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসআইএস/