২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৪৪ পিএম

শিক্ষক সংকট নিরসনে ‘নীরব ভূমিকা’, চতুর্থ দিনেও স্থবির শেবাচিম

শিক্ষক সংকট নিরসনে ‘নীরব ভূমিকা’, চতুর্থ দিনেও স্থবির শেবাচিম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষক সংকট নিরসনের দাবিতে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীরা। এদিকে প্রতিষ্ঠানটিতে তিন লেকচারারসহ পাঁচ পদে নতুন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে শেবাচিম থেকে বদলি হয়েছেন আরেকজন। তবে এ নিয়োগ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোলার লালমোহন উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা সাহাকে শেবাচিমের লেকচারার (ওরাল সার্জারি) পদে বদলি করা হয়েছে। তবে তিনি মাইক্রোবায়োলজি বিভাগে কাজ করবেন বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

একইভাবে পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গোলাম সারোয়ারকে শেবাচিমের লেকচারার (অ্যানাটমি) এবং শেবাচিম বহির্বিভাগের সহকারী সার্জন (মেডিকেল অফিসার) (ইএনটি ও হেডনেক সার্জারি) ডা. এস ডব্লিউ ফয়সল আহমেদকে লেকচারার (ডেন্টাল পাবলিক হেলথ) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডা. ফয়সল কমিউনিটি মেডিসিন বিভাগে কাজ করবেন বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে শেবাচিমের কিউরেটর (অ্যানাটমি) ডা. মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে। আর কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠির বাবুগঞ্জের ওলনকাঠি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম সরোয়ার। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও লেকচারার (মাইক্রোবায়োলজি) ডা. সওদা ইসলামকে শেবাচিমের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন (অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি) পদে বদলি করা হয়েছে। ডা. সওদা সার্জারি বিভাগে কাজ করবেন বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের দায়িত্বভার হস্তান্তর করবেন। আদেশে পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদানের কথা বলা হয়েছে, যোগদান ব্যতীত পুনর্বিবেচনা আবেদন গ্রহণ করা হবে না। এ ছাড়া যোগদান না করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় জারিকৃত প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। তাদের অভিযোগ, মন্ত্রণালয় এমন প্রজ্ঞাপন দিয়ে তাদের সাথে প্রহসনমূলক আচরণ করছে।

বিক্ষোভকালে শেবাচিম শিক্ষার্থী নাফিসা তাহসিন আনান বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম বৃহৎ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি শ্রেণিতে আড়াইশো শিক্ষার্থীর বিপরীতে ৩৩৪টি শিক্ষক পদ থাকলেও ১৭৩টিই শূন্য। এমতাবস্থায় আমাদের শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘গতকাল প্রজ্ঞাপন জারি করা হলেও একজনকে অন্যত্র বদলি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে মাত্র চারজনকে লেকচারার সমমর্যাদা সম্পন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে আমাদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকও প্রয়োজন। আমরা এই প্রহসনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ চাই।’

আরেক শিক্ষার্থী নাঈমুর রহমান নাঈম বলেন, ‘জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। কিন্তু প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করলে এই দুর্ভোগ সৃষ্টি হতো না। কালক্ষেপণ করে জনদুর্ভোগ সৃষ্টির জন্য প্রশাসন দায়ী। আমাদের সাথে আলোচনায় বসে দাবি-দাওয়া পূরণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচির ডাক দিব।’

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত