শেবাচিমে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় নিহত গোলাম ফারুকের স্মরণে শীতবস্ত্র বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ২০তম ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম গোলাম ফারুকের স্মরণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মেডিকেলের দ্বিতীয় বর্ষে থাকাকালীন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় নিহত গোলাম ফারুককে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) শেবাচিম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেবাচিম ছাত্র হোস্টেল এবং কলেজের বিভিন্ন কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচীর উদ্বোধন করেন শেবাচিমের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বরিশাল মহানগর শাখার ছাত্রশিবির সদস্য সাব্বির এলাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ রহমান এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থী ও বরিশাল মহানগর শাখার ছাত্রশিবির সদস্য আব্দুল্লাহ আল নোমান।
সাব্বির এলাহী বলেন, ‘১৯৯১ সালের ১৭ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম গোলাম ফারুক ভাইয়ের উপর এনাটমি ডেমো ক্লাসরুমে শেবাচিম ছাত্রলীগের মেডিকেল ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী বর্বরোচিত হামলা চালায়। এই হামলায় আহত হয়ে ২০ জুলাই এ.কে.এম গোলাম ফারুক ভাই শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন মেধাবী, উত্তম চরিত্রের অধিকারী এবং সকলের প্রিয়। আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার স্মরণ করি এবং প্রত্যাশা করি, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থী কোনো প্রাণ সন্ত্রাসের শিকার হবেন না।’
টিআই/