১৫ মার্চ, ২০২৬ ০৯:১৪ পিএম

শেবাচিমে অবহেলায় দুই রোগীর মৃত্যু, জড়িত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিচালকের

শেবাচিমে অবহেলায় দুই রোগীর মৃত্যু, জড়িত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিচালকের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নার্সদের দায়িত্ব অবহেলা এবং পুশ করা ভুল ইনজেকশন দুই রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থতলার নাক-কান-গলা বিভাগের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন হাসপাতাল প্রশাসন।

মৃতদের মধ্যে হেলেনা বেগম (৪৮) বরিশাল মেট্রোপলিটন এলাকার সারসী গ্রামের মৃত বাবুল হাওলাদারের স্ত্রী এবং শেফালি বেগম (৬০) পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নের মহিপুর থানাধীন ডাবলুগঞ্জ ইউনিয়নের মন্নান তালুকদারের স্ত্রী।

হাসপাতালের প্রশাসনিক শাখা, নাক-কান-গলা ওয়ার্ড ও মৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, হাসপাতালের নাক-কান-গলা ওয়ার্ডে চিকিৎসা নিতে গত ৫ রমজান ভর্তি হন হেলেনা বেগম এবং ১৮ রমজান ভর্তি হন শেফালি বেগম। এর মধ্যে হেলনা থাইরয়েড রোগে ভুগছিলেন এবং শেফালি মুখের ভেতর টিউমার অপসারণের জন্য ভর্তি হন। ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন হেলেনা বেগম এবং ৭ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন শেফালি। 

রোববার সকালে তাদের উভয়ের শরীরে অস্ত্রোপচারের জন্য কিছু ইনজেকশন পুশ করেন নার্সরা। এর পরই উভয়ের শরীরে কিছু সমস্যা দেখা দেয় এবং কিছু সময় পর উভয়ের মৃত্যু হয়।

হেলেনার ছেলে ইব্রাহিম বলেন, নার্স ইনজেকশন পুশ করার পরই তার সুস্থ মা অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি তারা হাসপাতাল প্রশাসনকে জানিয়েছেন। 

এজন্য তারা কোনো মামলায় যাচ্ছেন না জানিয়ে তিনি আরও বলেন, কারণ একে তো মা হারিয়েছেন, তার ওপর মামলা দিলে হয়রানির শিকার হবেন।

শেফালির মেয়ে খাদিজা বেগম বলেন, তার মা সুস্থ ছিলেন। কিন্তু সকালে নার্স এসে কয়েকটা ইনজেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নার্সদের জানানো হলেও তারা কোনো ভ্রূক্ষেপ করেননি। চোখের সামনে সুস্থ মা অসুস্থ হয়ে মুহূর্তেই মারা গেল। আর মায়ের মৃত্যুর পরে নার্সদের টনক নড়লো। 

এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ঘটনায় অভিযুক্ত নার্স হেলেনা অধিকারী নিজেকে অসুস্থ বলে দাবি করেন। তিনি জানান, তিনি ইনজেকশনের কোনো ভায়েল ভাঙেননি, ভেঙেছেন মলিনা হালদার নামে অন্য নার্স। তাই তিনি এ বিষয়ে কিছু জানেন না, শুধু ইনজেকশন পুশ করেছেন অন্য দুজন রোগীর শরীরে। তবে মৃত ওই দুই রোগীর সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক এবং তাদের সঙ্গে অন্যায় হয়েছে।

ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশন দেওয়ার কথা বললেন নার্স

এদিকে মলিনা হালদার বলেন, নিয়ম মতো চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যেসব ইনজেকশন দেওয়ার কথা তাই দিয়েছেন। পরে রোগী দুজনের অবস্থা খারাপ হলে চিকিৎসককে মোবাইলে বিষয়টি জানান। তিনি ওই সময় যে ধরনের ইনজেকশন দিতে বলেছেন তাই দিয়েছেন। 

তিনি মলিনা বলেন, কোনো রোগী মৃত্যুবরণ করুক সেটা তারা চান না। গত ২৬ বছরে কোন ভুল করিনি, এবার এমন হলো কীভাবে তা বুঝতে পারছেন না।

অবহেলায় মৃত্যু বলে স্বীকার নার্সিং তত্ত্বাবধায়কের

এ বিষয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নার্সিং তত্ত্বাবধায়ক খাদিজা বেগম বলেন, সকালে হাসপাতালে এসেই বিষয়টি শুনতে পেরেছেন। কীভাবে কি হয়েছে, তা এখনো সঠিকভাবে জানতে পারেননি।

কোনো রোগীর মৃত্যু কাম্য নয় জানিয়ে তিনি বলেন, একই ওয়ার্ডে দুজন রোগীর মৃত্যুতে অবশ্যই দায়িত্ব অবহেলা রয়েছে। এ ঘটনায় হাসপাতাল পরিচালক যে ব্যবস্থা নেবেন, তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে এবং সার্বিক সহযোগিতাও করবেন।

এ বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, আজ ওই দুই রোগীরই শরীরের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এক্ষেত্রে কিছু ওষুধ রয়েছে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে দিতে হয় এবং কিছু ওষুধ অপারেশন থিয়েটারে নেওয়ার পর দিতে হয়। অ্যানেসথেটিক ড্রাগ দেওয়ার পরে রোগীর এমন কিছু পরিবর্তন ঘটে, যা মেশিনের মাধ্যমে কাজ করাতে হয়। কিন্তু ওই ওষুধ সেবিকারা অপারেশন থিয়েটারে না নিয়ে আগে ওয়ার্ডে বসে দিয়েছেন। ফলে কিছু সময় পরে রোগীরা মারা যান। এটি অবশ্যই পেশাদারিত্বে জায়গা থেকে দায়িত্ব অবহেলা এবং শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, দায়িত্ব অবহেলা, খামখেয়ালিপনা তো অবশ্যই আছে। বিষয়টি নিয়ে তারা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন। একইসঙ্গে রোগীর স্বজনরা ইচ্ছে করলে মামলাও দিতে পারেন। সেক্ষেত্রে স্বজনদের সহযোগিতা করা হবে। আর ঘটনাটি ভুল হোক বা যাই হোক, শক্তভাবে দেখা না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা