‘দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত প্রায় ১২ হাজার শিশু’
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বে প্রতি বছর প্রায় তিন লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে এ সংখ্যা ৯ থেকে প্রায় ১২ হাজার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সমাবেশে আলোচকরা এ তথ্য তুলে ধরেছেন।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম। একই সাথে দিবসটি উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
র্যালি উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন (বিএমটি) চালুর উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। একই সাথে বিএসএমএমইউতে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে জোর দেন।
লিউকেমিয়া চিকিৎসার উন্নতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন কালে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থার সাথে বিএসএমএমইউর চিকিৎসার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে রোগ শনাক্ত করার পাশাপাশি নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে আমাদের দেশের বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা দিয়েই ক্যান্সারজয়ী বৃদ্ধি করা সম্ভব।’
তবে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এখনো বেশিরভাগ পরিবার শেষ পর্যায়ে আসে চিকিৎসা নিতে আসে, তখন চিকিৎসকদের তেমন কিছু করার থাকে না। আজকের এই ধরনের সচেতনতা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে করে তারা দ্রুত এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে।’
বৈজ্ঞানিক সেশনে আলোচকরা জানান, শিশুরাও ক্যান্সারে আক্রান্ত হতে পারে, এটি কোন নতুন রোগ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তারা বলেন, শিশু ক্যান্সার বলতে ১৮ বছরের কম বয়সীদের ক্যান্সারে আক্রান্ত হওয়া বোঝায়। প্রতি বছর বিশ্বে প্রায় তিন লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়।
‘চাইল্ডহুড ক্যান্সার: এ সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড চ্যালেঞ্জ, বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তারা বলেন, দেশে প্রতি বছর ৯-১২ হাজার শিশু কিশোর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
অনুষ্ঠানে বিএসএমএমইউ থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা শতাধিক ক্যান্সার বিজয়ী শিশু উপস্থিত ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে যাওয়া প্রায় পাঁচ শতাধিক শিশু এখন সুস্থ জীবন যাপন করছে বলেও জানানো হয় সভায়।
বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, সহকারী অধ্যাপক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া, সহকারী অধ্যাপক ডা. মোমেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআই/এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫