১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৯ পিএম

স্বাভাবিক নিউরোসায়েন্সেস, চলছে নিয়মিত অস্ত্রোপচারসহ সকল সেবা

স্বাভাবিক নিউরোসায়েন্সেস, চলছে নিয়মিত অস্ত্রোপচারসহ সকল সেবা
পরিচালকের পদত্যাগ দাবিতে চলা চার দিনের কর্মবিরতি শেষে নিয়মিত অস্ত্রোপচারে চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের উপর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের হামলার ঘটনায় পরিচালকের পদত্যাগ দাবিতে চার দিন ধরে চলা আন্দোলনের পর স্বাভাবিক চেহারায় ফিরেছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতাল।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও শুরু হয়েছে।

নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু মেডিভয়েসকে জানিয়েছেন, আজ সকাল থেকে হাসপাতালের ছয়টি অপারেশন থিয়েটার এবং একটি ক্যাথ ল্যাবে ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করেছেন।

হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে জানিয়ে তিনি বলেন, কোথাও সমস্যা নেই। জানান, অন্তঃবিভাগ ও বহির্বিভাগের কার্যক্রম খোলা রয়েছে। কোনো কর্মবিরতি নেই এবং স্থগিত হওয়া নিয়মিত অস্ত্রোপচারগুলো এখন করা হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনার আলোকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই চিকিৎসকরা কাজ করছেন বলে জানান ডা. হিমু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও বহিরাগতদের নিয়ে সকালে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই কাজ করছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে চার মাসে আগে পাবনা মেডিকেল কলেজে বদলি করা হয়। সম্প্রতি তাকে নিউরোসায়েন্সে ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে চিকিৎসকদের উপর হামলা করে হাসপাতালটির চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আউটসোর্সিংয়ের কর্মীরা। এতে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন। হামলাকারীরা নিন্স পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুসারী।

এ ঘটনায় কাজী দীন মোহাম্মদসহ প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলমের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকলেও হাসপাতালটির নিয়মিত অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত