১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:৫৫ পিএম

আহতদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের: স্বাস্থ্য উপদেষ্টা

আহতদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের: স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেছেন তিনি।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন।

জেলা প্রশাসকরা স্বাস্থ্য সম্পর্কিত নানা রকম প্রশ্ন করেছেন জানিয়ে তিনি বলেন, বিশেষ করে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংক্রান্ত নানা সমস্যার কথা এসেছে। সেসব সমস্যার মধ্যে কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছি। তবে আমাদের কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তা হলো প্রতিরোধমূলক কিছু করা উচিত। এই যে হাইপার টেনশন, ডায়াবেটিস হচ্ছে এগুলোর কারণগুলো কী? কীভাবে হয়, মানুষকে কীভাবে সচেতন করতে পারি।’

তিনি বলেন, ‘ট্যোবাকো নিয়ে কী করতে পারি, ছোট ছোট বাচ্চারা ই-সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি। আমাদের সেসব বিষয় নিয়ে কাজ করতে হবে।’

এ সময় গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এ পর্যন্ত ৪০ জন আহতকে সিঙ্গাপুর ও ব্যাংককে পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য। আমরা কখনও টাকার দিকে তাকাইনি। আমরা যখন দায়িত্ব নিই তখন জানতাম না এয়ার অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যায়। কিন্তু তড়িৎ গতিতেই এই এয়ার অ্যাম্বুল্যান্সে আহতদের বিদেশে পাঠানো হয়েছে। আমরা তাদের সর্বোত্তম চিকিৎসা দিতে চেষ্টা করেছি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘আহতদের কিছুটা অসন্তুষ্টি আছে, সেটা এক শতাংশও হবে না। তবে একটা ট্রমা তো যায়, যখন এক থেকে তিন সপ্তাহ বিছানায় পড়ে থাকে তখন তো একটা ট্রমা যায়। এরা তো গত ছয় মাস ধরে পা ভেঙ্গে, চক্ষু হারিয়ে বসে আছে। ফলে তাদের ট্রমাটা ওইভাবে চিহ্নিত করতে পারছি না। তবে এটা আস্তে আস্তে কমে যাবে। তাদের রিহেবিলিটেশন করার পরিকল্পনাও রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যদের সমন্বয়ে চেষ্টা করা হচ্ছে। এটা যদি আমরা করতে পারি তাহলে এগুলো আর থাকবে না। ’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক