‘লিভার ট্রান্সপ্ল্যান্টসহ জটিল চিকিৎসায় বাংলাদেশকে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের যেন আর বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসক সমাজকে উদ্যোগী হয়ে লিভার ট্রান্সপ্ল্যান্টসহ জটিল চিকিৎসায় বাংলাদেশকে সক্ষম ও মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে।
গত ৯ জানুয়ারি সন্ধ্যায় বিজয় স্মরণীর রাজধানীর মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটারের একটি রেস্ট্রুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে অনুষ্ঠিত প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম অবশ্যই সফল করতে কবে। দেশের মানুষের জন্য এই সেবা নিশ্চিত করতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের রোগীদের যাতে প্রতিবেশী দেশসহ দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে যেতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। চিকিৎসক সমাজকে চিকিৎসাসেবার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে দেশটাকে সম্মান ও মর্যাদার স্থানে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘ভারত ৫০০০ আর পাকিস্তান ৫০০ লিভার ট্রান্সপ্লান্ট করে বছরে। নেপালও করে। পাকিস্তানের একজন চিকিৎসক আমাকে জানান, তিনি ১২০০ লিভার ট্রান্সপ্লান্ট নিজে করেছেন। বর্তমানে ১২টা সেন্টারে ট্রান্সপ্লান্ট তিনি করেন। তারা পারলে আমরা কেন পারবো না। উদ্যোগ নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমরা সফল হবোই।’
‘আমরা কোনো দেশের গলগ্রহ হয়ে থাকতে চাই না। এই কাজটা করতে হবে। আমাদের দেশের মানুষকে যেন চিকিৎসাসেবার জন্য প্রতিবেশি দেশে যেতে না হয়, সেটা নিশ্চিত করা প্রয়োজন’—বলেন নূরজাহান বেগম।
অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহছেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ সোসাইটির সদস্যবৃন্দ ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাওয়ালি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এমইউ/