১২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:১২ পিএম
সংকট নিরসনের দাবি শিক্ষার্থীদের

শেবাচিমে ৩৩৪ পদের বিপরীতে শিক্ষক ১৬১ জন, পদ শূন্য ১৭৩

শেবাচিমে ৩৩৪ পদের বিপরীতে শিক্ষক ১৬১ জন, পদ শূন্য ১৭৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষক সংকটে ভুগছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)। ৩৩৪ শিক্ষক পদের বিপরীতে রয়েছেন মাত্র ১৬১ জন। বাকি ১৭৩টি পদই শূন্য। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম। এ অবস্থায় সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানান শিক্ষার্থীরা।

শেবাচিম শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার ৫৬ বছরেও শিক্ষক সংকট সমাধান করতে পারেনি একাডেমিক প্রশাসন। কমিউনিটি মেডিসিন বিভাগে বর্তমানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক পদে কোন শিক্ষক নেই, নেই বিভাগীয় প্রধানও। একমাত্র প্রভাষক ডা. মো. রাফিউদ্দিন রাইহানকে সম্প্রতি বদলি করা হয়েছে। ফলে একাডেমিক কার্যক্রম সার্বিকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আকবর কবিরকেও বদলি করায় বিভাগের সকল পদ শূন্য হয়ে গেছে।

প্রতিষ্ঠানটির ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে শেবাচিমে যে শিক্ষক সংকট, তা নিরসনে অধ্যক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সাথে একমত পোষন করেছেন। আমরা আশা করি স্যারদের সহযোগিতায় দীর্ঘ এ সংকট নিরসন হবে।’

তারা আরও বলেন, ‘আমরা তিন কার্যদিবস সময় বেধে দিয়েছি। এর মধ্যে বিষয়টি সমাধান করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অতি দ্রুত শিক্ষক সংকট নিরসন করা।

২. মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগের বদলিকৃত শিক্ষকদের বদলি স্থগিত এবং পর্যাপ্ত নতুন শিক্ষক নিয়োগে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

৩. সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত