নিন্সে চিকিৎসকদের কর্মবিরতি: চিকিৎসাসেবা ব্যাহত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিন্স) চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। এতে নির্ধারিত অপারেশনসহ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর এই অবস্থা চলমান রয়েছে।
এর আগে সকালে পাবনা মেডিকেল কলেজে বদলি হওয়া চিকিৎসক ডা. গুরুদাস মন্ডলকে নিন্সে ফেরানোরে প্রতিবাদে বিক্ষোভ করেন চিকিৎসকরা। বিক্ষোভের সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হয়েছেন। নিন্স পরিচালকের অনুসারী ৪র্থ শ্রেণী ও আউটসোর্সিং কর্মচারীরা এই হামলা করে। এ ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলমের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন অধ্যাপক দীন মোহাম্মদ। তিনি বলেন, ‘চিকিৎসকরা আমার কক্ষে এসেছিলেন। পরে তারা ৪০২ নম্বর কক্ষে যায়। এমন সময়ে আমার রুমে পঞ্চাশেক স্টাফ প্রবেশ করে। তারা বলে, স্যার ওরা আপনাকে অপমান করে গেছে। কে অপমান করেছে বলেন, তাঁকে আমরা বের করে দিব। এ সময় কিছু স্টাফ চতুর্থতলায় চিকিৎসকদের সভাস্থলে চলে যায়। সেখানে আরও কিছু স্টাফ ছিল। ওই স্টাফদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে।’
স্টাফরা নিজের অনুসারী কি-না, জানতে চাইলে নিন্স পরিচালক বলেন, ‘হাসপাতালে তৃতীয় শ্রেণীর-চতুর্থ শ্রেণীর সবাই কাজ করে। এসব কর্মচারীদের নিয়োগ, সব আমার সময়েই হয়েছে। তারা আমাকে ভালোবাসে।’
খোঁজ নিয়ে জানা গেছে, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়বেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
এসএইচবি/