সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যুর নয়দিন পর মারা গেলেন হবু স্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু (২২)। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, গত ৩০ জানুয়াারি রাতে তাঁর হবু স্বামী নবীন চিকিৎসক ডা. অর্ঘ্য অমৃত মন্ডলের সঙ্গে সাতক্ষীরা থেকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তাঁরা গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। পরে আহত মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিভা সরকার মিতু ছিলেন পপুলার মেডিকেল কলেজের ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী। আর অষ্টম ব্যাচের শিক্ষার্থী ডা. অর্ঘ্য অমৃত মন্ডল হাসপাতালে ইন্টার্ন করছিলেন। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পপুলার মেডিকেল কলেজ।
এমআই/এনএআর/
-
১৭ জুলাই, ২০২২