১৫ ডিসেম্বর, ২০২৪ ০৬:০৮ পিএম

‘শূন্যপদে চিকিৎসক নিয়োগ না দিলে চিকিৎসা বৈষম্য বাড়বে’

‘শূন্যপদে চিকিৎসক নিয়োগ না দিলে চিকিৎসা বৈষম্য বাড়বে’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ থেকে বঞ্চিত এক হাজার ৯১৯ জন চিকিৎসককে নিয়োগ প্রদান করা দাবি জানিয়েছেন বঞ্চিত চিকিৎসকরা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৪২তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত চিকিৎসকদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সভায় ৪২ তম বিসিএসে নিয়োগবঞ্চিত চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. মো. রেজওয়ান কবীর, ডা. ফাতেমা আক্তার এবং ডা. আশিক আহমেদ। এসময় তারা বলেন, ‘৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ১ হাজার ৯১৯ জন চিকিৎসক আজও ক্যাডার পদে নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে দেশের প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকটের কারণে গ্রামীণ জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার চিকিৎসাসেবা হতে বঞ্চিত হচ্ছে। চিকিৎসকের অভাবে তৃণমূল পর্যায়ের অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছে। এ সমস্যার সমাধানে দ্রুত আমাদের মতো প্রশিক্ষিত চিকিৎসকদের নিয়োগ প্রদান করা জরুরি।’

তারা আরও বলেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শুধুমাত্র নভেম্বর মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না। এদিকে সাধারণ বিসিএসের নিয়োগ প্রক্রিয়া থেকে যোগদান পর্যন্ত দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন। বর্তমানে ৪৪তম, ৪৫তম, এবং ৪৬তম বিসিএস প্রক্রিয়াধীন। ৪২তম বিসিএসের পরে আর কোনো চিকিৎসক নিয়োগ হয়নি। তাই দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নিয়োগ দিয়ে চিকিৎসা সংকট নিরসন সম্ভব।’

সংবাদ সম্মেলনে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ‘আমাদের প্রতিটি জেলা উপজেলা হাসপাতালেই প্রচুর চিকিৎসক প্রয়োজন। ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে মানুষ ঘুরে ঘুরেও চিকিৎসা সেবা পাচ্ছে না। আমাদের যেহেতু ৪২তম বিসিএসের প্রায় ২ হাজারের মতো চিকিৎসক রেডি আছে, সরকারের উচিত তাদের থেকে সেই ঘাটতি পূরণ করতে পারে৷’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ, বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার হিসেবে সঠিক চিকিৎসাসেবা হতে বঞ্চিত হচ্ছে। চিকিৎসকের অভাবে তৃণমূল পর্যায়ের অসংখ্য মানুষ বিনা-চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছে। কেউ কেউ ভিটেমাটি বিক্রি করে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোর দারস্থ হচ্ছে। এ সমস্যার সমাধানে দ্রুত প্রশিক্ষিত চিকিৎসকদের নিয়োগ প্রদান করা জরুরি। এক্ষেত্রে যেহেতু ৪২তম বিসিএসের কিছু চিকিৎসক নিয়োগবঞ্চিত আছে, সরকার জরুরি ভিত্তিতে তাদেরকে নিয়োগ দিতে পারে।’ 

অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ‘৪২তম বিসিএসের এই কজনই কিন্তু দেশের চিকিৎসা সবার ঘাটতি পূরণ করতে পারবে না। এরপর প্রতিবছর প্রয়োজনে নতুন বিসিএস থেকে আরো দুই হাজার টাকা করে চিকিৎসক নেন। দেশের জনসংখ্যা যেমন প্রতিনিয়ত বাড়ছে, বিভিন্ন রোগবালাইও দিন দিন বাড়ছে। সে অনুযায়ী যদি আমাদের চিকিৎসক যুক্ত না হয়, তাহলে দিন দিন চিকিৎসা বৈষম্য বাড়তেই থাকবে।’

তিনি বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, এই চিকিৎসকরা ও সেদিন আন্দোলনে যুক্ত হয়েছিল। আমরা কেন আন্দোলন করেছি? আমরা চেয়েছি প্রতিটি সেক্টর থেকে বৈষম্য দূর হোক। তাহলে এখনও কোন বৈষম্য নিরসনে এই চিকিৎসকদের আন্দোলন করতে হয়? এখনও কেন মানুষকে রাস্তায় ঘুমাতে হবে? এখনো কেন মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে? এদিকে যাদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকার কথা, অপারেশন থিয়েটারে রোগীকে অস্ত্রোপচারে ব্যস্ত থাকার কথা, তাদের কেন ন্যায্য দাবি আদায়ে প্রেসক্লাবে আন্দোলন করতে হবে?।’

মানহীন মেডিকেল বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবছরই মানহীন বেশ কিছু মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। গত ১৬ বছরে রাজনৈতিক বিবেচনায় মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে, যেগুলোতে কোন রোগী নেই। সেগুলোতে আমরা দেখেছি পরীক্ষার সময় মেডিকেল স্টুডেন্টদের রোগী বানিয়ে পরীক্ষা নেওয়া হয়। আমি নিজেই সে পরীক্ষা নিয়েছি। স্টুডেন্টদের অ্যাজমা রোগী বানিয়ে দিনব্যাপী পরীক্ষা নেওয়া হয়েছে। এসব মানহীন মেডিকেল কলেজ দ্রুততম সময়ের মধ্যে বন্ধ হওয়া উচিত। এই মেডিকেলগুলো থেকে কখনই ভালো ডাক্তার বের হতে পারে না।

অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ‘আমেরিকার প্রতি ১০০ জনে দুইজন ডাক্তার। আমাদের তো তাদের সাথে তুলনা করে ডাক্তার বানালে হবে না। এত ডাক্তার দিয়ে আমাদের কী হবে যদি তারা মানসম্মত না হয়? এ বিষয়গুলো আমাদের স্বাস্থ্যের উর্ধতন কর্তাদের ভাবতে হবে এমনকি দ্রুততম সময়ে স্বাস্থ্যখাতের সংস্কার করতে হবে।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিয়োগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক