০৫ এপ্রিল, ২০২৫ ১২:৪৩ পিএম

নতুন করে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্য অধিদপ্তর

নতুন করে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসা সংকট কাটিয়ে উঠতে সরকারি হাসপাতালগুলোতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নাটোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস ক্যাডার থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।  সে সাথে একাডেমিক পদায়নের জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।

অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, ‘দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসা ব্যবস্থা এখনও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত জনবল না থাকায় অনেক হাসপাতালেই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেক হাসপাতালে জনবল না থাকায় সেবা ব্যাহত হচ্ছে, আবার কোথাও জনবল থাকলেও প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব রয়েছে। একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দেশে চিকিৎসকের সংখ্যা তুলনামূলক বেশি হলেও নার্সের সংখ্যা কম, যা সেবার মানে প্রভাব ফেলছে। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় মহাপরিচালক বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।’

এরআগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। রোগীদের সমস্যা এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময়ও করেন তিনি।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক