০২ নভেম্বর, ২০২৪ ০৫:০৭ পিএম

ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের শুনানি কাল, দ্রুত নিষ্পত্তির দাবি ইউমবের

ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিটের শুনানি কাল, দ্রুত নিষ্পত্তির দাবি ইউমবের
ছবি: আবু সাঈদ

মেডিভয়েস রিপোর্ট: ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গেনাইজেশন্স অব বাংলাদেশ (ইউমব)। সেইসঙ্গে ‘ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না’এই আইন কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানায় ইউমব। পরে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউমবের সমাবেশে বক্তারা বলেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ যখন রাষ্ট্রের সকল সেক্টরকে নিয়মতান্ত্রিক আর সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, ঠিক এই সময়ে স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থাপনার অন্যতম কারণ এই অচিকিৎসকদের চিকিৎসক হিসেবে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকা। তা কখনোই কাম্য নয়। আগামীকাল ৩ নভেম্বর (রোববার) এই রিটের ৬৮তম শুনানি ধার্য করা হয়েছে। অনতিবিলম্বে এই রিটের নিষ্পত্তিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান করা হচ্ছে। অন্যথায় এ দেশের সচেতন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনতা আদালত এবং সরকারের উপর আস্থা হারাবে।’

তাঁরা বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পৃথিবীজুড়ে চিকিৎসকদের চিকিৎসা কর্মে সহায়তা করার জন্য অ্যালাইড হেলথ প্রফেশন রয়েছে, যেখানে নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফারি, বিভিন্ন কারিগরি বিষয় সংশ্লিষ্ট টেকনোলজিস্টসহ নির্দিষ্ট কিছু জনশক্তি রয়েছে, যারা নির্দিষ্ট কর্ম বাস্তবায়ন করে থাকেন। প্রত্যেকের উচিত তার নিজস্ব অবস্থানের স্বকীয়তা বজায় রেখে নির্ধারিত কাজ বাস্তবায়ন করা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যদি দাবি করেন তারা ডাক্তার, নার্স যদি দাবি করেন তারা ডাক্তার, ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য টেকনোলজিস্টবৃন্দ যদি দাবি করেন তারা ডাক্তার–তাহলে তো পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়বে।’

তাঁরা আরও বলেন, ‘দুঃখজনক ব্যাপার হচ্ছে, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে অবজ্ঞা করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি অযৌক্তিক, আইনবিরোধী রিট দায়ের করেন।’

চিকিৎসকরা বলেন, ‘২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে এক অদৃশ্য কারণে উদ্দেশ্যমূলকভাবে এই রিটটি আদালতে ৬৭ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি। সর্বশেষ গত ২৭ অক্টোবর এই রিটের ৬৭তম শুনানি ছিল, কিন্তু ওই দিন ও এই রিটের শুনানি হয়নি। এভাবে জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে বারবার পেছানোর মধ্য দিয়ে এ দেশের মানুষকে সঠিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির মৌলিক ও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

তাঁরা বলেন, ‘যারা ডাক্তার না তারা নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে প্রতারিত করে যাচ্ছেন। এতে অবাধে শক্তিশালী এন্টিবায়োটিকগুলো ব্যবহৃত হচ্ছে, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অবাধে স্টেরয়েড নামক ওষুধ ব্যবহার হচ্ছে, যা জনস্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, অনেক জটিল রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ রকম অসংখ্য অপচিকিৎসার শিকার হচ্ছে এই দেশের শের জনসাধারণ, যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ।’

এ সময় ইউমবের মুখপাত্র ও ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সভাপতি ডা. মোবারক হোসাইন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) রেসিডেন্ট ডা. শরিফুল হালিম, রিদম বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এস. এম. মামুন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসাইন, বাংলাদেশ ফরেন ডাক্তার এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি ডা. ফয়সাল আহমেদ ও সভাপতি ডা. তুহিন মিয়া, বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের সভাপতি ডা. সামিউর রশিদ রিফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে এলায়েন্স ফর হেলথ রিফর্ম অব বাংলাদেশের কো-কনভেইনার ডা. তানভীর মেহেদী, বাংলাদেশি ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য ডা. শারমিন ঋতু, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের প্রচার সম্পাদক ডা. আল মামুন লিমন, ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট্রের অফিস সম্পাদক ডা. আহনাফ মেজবাহ, ইউমবের ডেন্টাল ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান ও ইউমবের সেন্ট্রাল কোলাবোরেশন টিম মেম্বারসহ চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউমব
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক