১৪ মার্চ, ২০২৫ ০৩:৫৬ পিএম
ডাক্তার পদবির রিট নিষ্পত্তির আন্দোলন

ঢামেকে নিজ বিভাগে সংবর্ধিত ইউমব নেতা ডা. মোবারক

ঢামেকে নিজ বিভাগে সংবর্ধিত ইউমব নেতা ডা. মোবারক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ এক যুগ ধরে চলে আসা ডাক্তার পদবির রিট নিষ্পত্তি হয়েছে। এজন্য দীর্ঘ আন্দোলন করতে হয়েছে চিকিৎসকদের। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব)। এবার সংগঠনটির চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইনকে সংবর্ধনা দিলো ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এই সংবর্ধনা দেওয়া হয়।

ডা. মোবারক হোসাইন বর্তমানে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রশিক্ষণার্থী হিসেবে ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগে সংযুক্ত রয়েছেন। তার নেতৃত্বে গত বছরের ৫ অক্টোবর ইউমবের যাত্রা শুরু হয়। শুরু থেকেই ডাক্তার পদবি সংক্রান্ত রিট নিষ্পত্তির দাবিতে আন্দোলন করে আসছিল ইউমব।

এই আন্দোলন ও ইউমবকে সংগঠিত করতে বেশ কাঠখড় পোড়াতে হয় ডা. মোবারককে। হাসপাতাল আর প্রশিক্ষণের ক্ষেত্র থেকে তাকে নিরন্তর ছুটতে হয়েছে রাজপথ আর আদালতে।

জানতে চাইলে ডা. মোবারক হোসাইন বলেন, ‘আমি ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্ট থেকে স্যার আর আমার সহকর্মী ভাইবোনেরা সব সময় সাপোর্ট দিয়েছে। আজকে সকালে মর্নিং সেশন শেষে হঠাৎ করে আমাকে সামনে ডেকে নেন, শুনতে চান এই আন্দোলনের পথপরিক্রমার কথা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান।’

তিনি বলেন, ‘এন্ডোক্রাইনোলজি খুবই ভালো একটি বিভাগ, সুশৃঙ্খল একটি বিভাগ। বিভাগের ট্রেইনিদের যে কোনো ভালো কাজের স্বীকৃতি দেয়। আমার বিষয়টিকে তারা স্বীকৃতি দিয়েছেন, এটি একটি অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

যেভাবে শুরু ডাক্তার পদবির রিট নিষ্পত্তির আন্দোলন

ডা. মোবারক হোসাইন বলেন, ‘সকল জায়গায় যারা মেডিকেল সায়েন্সের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারাই কেবল ডাক্তার লিখেন। এই গ্র্যাজুয়েশন কমপ্লিট ছাড়া যে ইচ্ছা সে ডাক্তার লিখবে, এটা মেনে নেওয়া যায় না। ডাক্তার শুধু একটি পদবি নয়, এটি একটি প্রফেশন। সেক্ষেত্রে এমবিবিএস-বিডিএস পাস করা ছাড়া যে কেউ যদি ডাক্তার পদবি লিখতে পারে, তাহলে তো চিকিৎসা পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তাই নয়, দেশের জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছেন, অপচিকিৎসার শিকার হচ্ছেন। স্বাস্থ্যখাতের ভারসাম্য নষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘সর্বোপরি, পুরো স্বাস্থ্য খাতের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাই নয়, বাইরের দেশে যখন শোনে যে এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ডাক্তার পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ভাবমূর্তি ও চিকিৎসকদের মান ক্ষূণ্ণ হচ্ছে। ডাক্তারি পাশ না করেই তারা নিজেদের ডাক্তার পরিচয় দেয়। অর্থাৎ, দেশের জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছে, অপচিকিৎসার শিকার হচ্ছে, দেশীয় ও আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশার মান ক্ষুণ্ণ হচ্ছে, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থায় চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। এটি জলজ্যান্ত একটি অন্যায়।’

তরুণ এই চিকিৎসক নেতা বলেন, ‘এই ন্যায়সঙ্গত বিষয়টি সুপ্রতিষ্ঠিত করার জন্য আইন করা হয়েছে, সে আইনকে অবজ্ঞা করে বা অমান্য করে, আইনকে না মানার মনস্তত্ত্ব থেকে আদালতে রিট করে তারা ডাক্তার পদবি ব্যবহার করতে চান, দীর্ঘ ১২ বছর তারা এই অবৈধ সুবিধা ভোগ করেছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এটা মেনে নিতে পারে না। একজন সচেতন নাগরিক হিসেবে বা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করে অথবা চিকিৎসা পেশার মর্যাদার কথা সামনে রেখেই বলি-এটি বাস্তবিক। এই আইনের বাস্তবায়ন হোক, চিকিৎসা পেশার মর্যাদা রক্ষা হোক, দেশের মানুষ অপচিকিৎসা থেকে বেঁচে থাকুক- সেজন্য আসলে এই সংগ্রামটা শুরু করা।’

ডাক্তার পদবির রিট নিষ্পত্তি হয়েছে, এখন ইউমবের ভবিষ্যত কী হবে জানতে চাইলে ডা. মোবারক হোসেন বলেন, ‘গত বছরের ৫ অক্টোবর এই ইস্যুটি নিয়েই ইউমবের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়েছিল, যদিও আরও এক মাস আগে থেকেই কাজ চলমান ছিল। এখানে মূলত বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। স্বাস্থ্যখাতের যে কোনো বিষয়ে, স্বাস্থ্যখাতের জন্য প্রয়োজন বা যে পরিবর্তন আনা দরকার, যে সংস্কার প্রয়োজন, স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো এবং বাস্তবায়নে সর্বাত্মক কর্মতৎপরতা অব্যাহত রাখবো।’

ডা. মোবারক হোসাইন রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে তিনি এমবিবিএস পাস করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড মেডিকেল অরগানাইজেশন অফ বাংলাদেশ (ইউমব)
  এই বিভাগের সর্বাধিক পঠিত