ইউমবের সংবাদ সম্মেলন
শহীদ ইসমাইল হত্যা মামলা থেকে ডা. সাদীর নাম প্রত্যাহারের দাবি
মেডিভয়েস রিপোর্ট: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক ইসমাইল হত্যা মামলায় অন্যায়ভাবে জুড়ানো ডা. সাদী বিন শামসের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তাঁরা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) আয়োজিত প্রেস কনফারেন্সে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ডা. সাদীকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। এখান থেকে অবিলম্বে তাঁর নাম প্রত্যাহার করতে হবে।
তাঁরা বলেন, ডা. সাদী যেন নির্বিঘ্নে রোগী সেবা দিতে পারেন, আর যেন মামলার জন্য তাঁকে আদালতে হাজির হতে না হয়, সে ব্যবস্থা করতে হবে।
এ ব্যাপারে চিকিৎসকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইউমব সংগঠকরা বলেন, ‘তা না হলে একদিন আপনাকে-আমাকেও গ্রেপ্তার করা হবে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক্তারদের বড় শত্রু ভারত। তারা চিকিৎসকদের হেয় করার পাঁয়তারায় লিপ্ত। কারণ চিকিৎসকদের নিচে নামানো গেলে তাঁদের ওপর রোগীদের আস্থা কমে যাবে। আর তখন এ দেশের রোগীরা ভারতমুখী হবে।
প্রেস কনফারেন্সে কারামুক্ত ডা. সাদীসহ জামিনে অপর চারজন উপস্থিত ছিলেন। এ ছাড়া ডা. সাদীর মুক্তির দাবি তোলা বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
এমইউ/এনএআর/