২৬ অগাস্ট, ২০২৪ ১০:১৪ এএম

বন্যার্তদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ, জরুরি ওষুধ তহবিল গঠন

বন্যার্তদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ, জরুরি ওষুধ তহবিল গঠন
ঢাকা মেডিকেল কলেজ। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় জরুরি ওষুধ তহবিল গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। নেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প গঠনের উদ্যোগও। এ ছাড়া ত্রাণ ও উদ্ধারকাজে প্রয়োজনীয় সামগ্রী নিয়েও এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্যোগকালীন এবং এর পরবর্তী সময়ের মোকাবিলা করতে ইতোমধ্যেই জরুরি ঔষধ তহবিল গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওষুধ আহ্বান করা হচ্ছে এই তহবিলে। ঢামেকের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢামেক সূত্র জানিয়েছে, অতি দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে এই মেডিকেল ক্যাম্প টিম। এই ক্যাম্পেইনে জরুরি ওষুধ ছাড়াও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে।

জানা গেছে, বন্যার্ত পরিবারগুলোর আর্থিক সাহায্যের জন্যও সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ও নতুন বিল্ডিংয়ের নিচতলায় এবং শহীদ মিনারে ওষুধ সংগ্রহ চলমান রয়েছে।

বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ

ওষুধ ও চিকিৎসা সহায়তার পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। এ ছাড়া ঢামেকের পক্ষ থেকে উদ্ধার সামগ্রীও দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানগুলোর কাছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য জরুরী তহবিল থেকে নোয়াখালী যুব রেড ক্রিসেন্টকে সুইমিং বোট, চায়না বাশি, লাইফ জ্যাকেট, পেশেন্ট ক্যারিং স্ট্রেচার, হেড লাইট এবং স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। ওই বোটের মাধ্যমে গর্ভবতী নারীসহ অনেক অসহায় মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরদিন শুক্রবার (২৩ আগস্ট) বিমানবাহিনীর সহযোগিতায় ফেনীর দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ দেওয়া হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকেও।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বন্যাকবলিত মানুষের জন্য ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে পানি, স্যালাইন ও বিস্কুট।

এ ছাড়া শনিবার (২৪ আগস্ট) একটি স্পিডবোট ও একটি ইনফ্ল্যাটেবল বোটসহ শিশুখাদ্য, পানি ও ওষুধের মতো জরুরি ত্রাণসামগ্রী পৌছে দেওয়া হয় কুমিল্লা রেড ক্রিসেন্টের কাছে। কুমিল্লায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ ও রেড ক্রিসেন্ট প্রশিক্ষিত টিমের মাধ্যমে স্পিডবোটসহ জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা হয়। কুমিল্লায় ঢামেকের স্পিডবোটের সহায়তায় সন্তান সম্ভবা তিন নারীসহ অন্তত ৫৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
 
ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশনকেও। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পানি ও খেজুর বোঝাই একটি গাড়ি। জানা গেছে, শনি ও রোববার আস সুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব ত্রাণসামগ্রী সঠিকভাবে সংগ্রহ ও বিতরণের জন্য গাড়িটি দান করা হয়। অর্থাৎ, এই গাড়িটির খরচ ঢাকা মেডিকেল কলেজের বন্যা তহবিল থেকে দেওয়া হচ্ছে।

এছাড়া শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির বন্যা কবলিত মানু্ষের সহায়তায় ঢামেকের পক্ষ থেকে আল মানাহিল ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয় বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। এর মধ্যে রয়েছে পানি, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চিড়া, মুড়ি, ড্রাই কেক, এনার্জি বিস্কুট, মোমবাতি ও লাইটার।

একই দিন ফেনীতে সহায়তার জন্য একই ধরণের ত্রাণসামগ্রী দেওয়া হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে।

একই সাথে রোববার স্হানীয় শিক্ষার্থীদের মাধ্যমে মীরসরাইয়ের বন্যাকবলিত মানুষের জন্য ৫০ কেজি চিনি ত্রাণ হিসেবে প্রেরণ করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত