শিক্ষার্থীদের উপর হামলা: ডা. সাফিনাজসহ ২১ জনকে মিটফোর্ডে অবাঞ্ছিত ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাফিনাজ হাসান তালুকদারসহ ২১ জনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. মাজহারুল ইসলাম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত বহিরাগত ও বর্তমান প্রশিক্ষণরত ইন্টার্ন চিকিৎসকদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সে প্রেক্ষিতে নিম্নোক্ত ইন্টার্ন চিকিৎসক এবং বহিরাগত চিকিৎসকদের মিটফোর্ড হাসপাতাল ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
অবাঞ্ছিতদের মধ্যে এসএসএমসির ৩৯তম ব্যাচের ডা. রাতুল (বহিরাগত), ৪১তম ব্যাচের ডা. মজনু মিয়া (বহিরাগত), ৪২তম ব্যাচের ডা. মাইদুল (বহিরাগত), ৪৪তম ব্যাচের ডা. সাফিনাজ হাসান তালুকদার (বহিরাগত), ডা. আসাদুজ্জামান (বহিরাগত), ডা. নবাব শেখ (বহিরাগত), ডা. নুরুজ্জামান (বহিরাগত) ও ডা. দুর্জয় পাল (বহিরাগত), ৪৫তম ব্যাচের ডা. গোলাম রসুল জয় (বহিরাগত), ডা. সাদেকুল ইসলাম (বহিরাগত), ডা. শাফিন (বহিরাগত), ডা. সাগর, ৪৬তম ব্যাচের ডা. তন্ময় দাস, ডা. সাব্বির, ডা. ফাহিম ও ডা. আজিজ, ৪৭তম ব্যাচের প্রমা, ৪৮তম ব্যাচের ঋতিকা ও কেয়া এবং ডি-৯তম ব্যাচের নওশীন রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকায় এসব শিক্ষার্থী ও চিকিৎসককে মামলা ও বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
মিটফোর্ডে অফিস আদেশে আরও বলা হয়, ‘বর্ণিত তালিকা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত সময়ের জন্য বহিরাগত চিকিৎসক ও অন্যান্য উল্লিখিত ইন্টার্ন চিকিৎসকদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ক্যাম্পাসে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালের অধীনে প্রশিক্ষণরত দায়ী ইন্টার্ন চিকিৎসক এবং বহিরাগত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
-
১৪ জুলাই, ২০২৫
-
০৮ অক্টোবর, ২০২৪
-
০৮ জানুয়ারী, ২০২৩
-
২০ ডিসেম্বর, ২০২২