২০ ডিসেম্বর, ২০২২ ০৬:০৫ পিএম

আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় সলিমুল্লাহ’র ক্যাশিয়ার গ্রেপ্তার

আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় সলিমুল্লাহ’র ক্যাশিয়ার গ্রেপ্তার
হাসপাতালের পরিচালক জানান, আব্দুছ ছাত্তারকে ৪-৫ দিন এই গরমিলের হিসাব মেলাতে সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি হিসাব মেলাতে পারেন নি।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার (ইউজার ফি) আড়াই কোটি টাকা আত্মসাতের মামলার আসামি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে (৫৪) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম ছাত্তারকে গ্রেপ্তার করেছে।  

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। গত ১৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ সংক্রান্ত মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আজ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী মেডিভয়েসকে বলেন, গত কয়েক মাসে ‘ইউজার ফি’র সব টাকা ব্যাংকে জমা না দেওয়ায় হিসাবে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকার গরমিল পাওয়া গেছে। গত ২৯ নভেম্বর আমরা এটা জানতে পারি। পরে দুদকের কাছে এ বিষয়ে সন্ধান দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর দুদকে মামলার ফাইল করা হয়। পরে আজ তাকে দুদক গ্রেপ্তার করেছে।

আব্দুছ ছাত্তারকে ৪-৫ দিন এই গরমিলের হিসাব মেলাতে সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি হিসাব মেলাতে পারেননি বলেও জানান সলিমুল্লাহর পরিচালক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক