স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকসহ তিন শীর্ষ কর্মকর্তা ওএসডি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. টিটো মিঞাসহ তিন শীর্ষ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওই তিন কর্মকর্তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। বাকি দুই কর্মকর্তা হলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে এতে।
এনএআর/