০২ জুলাই, ২০২৪ ০৬:৪৫ পিএম

রমেকের ডরমেটরি থেকে বিএসএমএমইউর চিকিৎসকের লাশ উদ্ধার

রমেকের ডরমেটরি থেকে বিএসএমএমইউর চিকিৎসকের লাশ উদ্ধার
রংপুর মেডিকেল কলেজ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের একটি ডরমেটরি থেকে আখতারুজ্জামান (৫০) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার পর শেখ রাসেল পোস্ট গ্রাজুয়েশন ডরমেটরি ভবনের পঞ্চমতলার ৬ নম্বর কক্ষ থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ডা. আখতারুজ্জামান রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর সদর উপজেলার প্রতিভা নীলপাড়া আল হেলাল মসজিদ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (কোতোয়ালি জোন) মো. আরিফুজ্জামান আজ সন্ধ্যায় মেডিভয়েসকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, নিহত চিকিৎসক আখতারুজ্জামান রংপুর মেডিকেল কলেজের পোস্ট গ্রজুয়েট শিক্ষার্থী। ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিন কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি রংপুরে গিয়েছিলেন।

সহকারী পুলিশ সুপার মেডিভয়েসকে বলেন, ‘সকাল ১১টা নাগাদ আমরা তথ্য পাই। সে তথ্যের ভিত্তিতে যতদ্রুত সম্ভব উপস্থিত হই। ভেতর থেকে দরজা লাগানো থাকায় লাশ উদ্ধার করতে ঘণ্টাখানেক দেরি হয়। মেডিকেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।’

তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ পাওয়া যাবে।’

পুলিশ ও মেডিকেল সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক ডা. আখতারুজ্জামানের লাশ উদ্ধারের সময় তার দ্বিতীয় স্ত্রী কোহিনুর আক্তার ও শাশুড়ি উপস্থিত ছিলেন। রংপুর মেডিকেলের পূর্ব গেইট এলাকায় কোহিনুরের পৈত্রিক বাড়ি।

এ ছাড়া ডা. আখতারুজ্জামান লিভারে সমস্যা, পায়ের ব্যথা, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও সিজোফ্রেনিয়া প্রভৃতি নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। রংপুর মেডিকেল কলেজ থেকেই তিনি এমবিবিএস উত্তীর্ণ হয়েছিলেন।

এ ব্যাপারে কথা বলতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহানকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি।

এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত