২৮ জুন, ২০২৬ ০৪:০১ পিএম

রমেকে ছাত্রশিবিরের মৌসুমি ফল উৎসব

রমেকে ছাত্রশিবিরের মৌসুমি ফল উৎসব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব ২০২৬’। দেশীয় নানা জাতের মৌসুুিম ফলের সমাহারে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার (২৭ জুন) কলেজ ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ সময়, আয়োজকরা জানান, মৌসুমি ফল মানুষের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এসব ফল মহান আল্লাহর অসংখ্য নিয়ামতের অন্যতম নিদর্শন। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. মুহা. জহরুল হক এবং এনডিএফের সভাপতি ডা. আতিকুজ্জামান বকুল। এ ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এমন সৃজনশীল, স্বাস্থ্যবান্ধব ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানজুড়ে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

শেষে রমেক শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উৎসব সফল করতে সহযোগিতা করা সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহর দরবারে এ উদ্যোগের কল্যাণ ও সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত