রংপুর মেডিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ইফতার
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজে (রমেক) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২ মার্চ) কলেজ ক্যাম্পাসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। ইফতার উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডনসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেসুর রহমান এবং ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহুরুল হক।
ইফতার মাহফিলে রমেক ছাত্রদলের সভাপতি আল মামুন বলেন, রংপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, এই ইফতার মাহফিল শুধু খাবার গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেই ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে চায় এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভয়মুক্তভাবে মতপ্রকাশ করতে পারবেন।
আল মামুন ছাত্রদলের নেতাকর্মীদের বিনয়ী ও স্বাভাবিক আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার আগে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতেন। তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসে থাকাকালীন এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, র্যাগিং, সিট-বাণিজ্য কিংবা কমনরুম সংস্কৃতির মতো কোনো অনিয়ম ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে না বলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
টিআই/