১০ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরো ১৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ১৬ জন বাড়ি ফিরেছেন।
সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মৃত কিশোর (১৬-২০ বছর বয়সী) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণের আরও চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি অন্যদের মধ্যে ঢাকা উত্তরের চার এবং চট্টগ্রামের ছয় জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী ছয় জন এবং পুরুষ রয়েছেন ১০ জন। এর মধ্যে ২০ বছরের নিচে রয়েছেন চার জন। বাকিদের বয়স ২১ থেকে ৫৫ বছর পর্যন্ত।
এই মৃত্যু নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৮৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গত পয়লা জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত আক্রান্তদের ৬০ ভাগ পুরুষ। তবে মৃতের সংখ্যায় নারীদের হার বেশি। এ পর্যন্ত ১৯ জন নারীর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। তবে পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬