ঝড়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মৃত্যু ৪
মেডিভয়েস রিপোর্ট: প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত রাজধানী ঢাকার জনজীবন। এরই মধ্যে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে।
মৃত চারজনের মধ্যে রাজধানীর খিলগাঁও এলাকার দু‘জন, একজন যাত্রাবাড়ী এবং আরেকজন বাড্ডা এলাকার বাসিন্দা ছিলেন।
তারা হলেন খিলগাঁওয়ের রিয়াজবাগ এলাকার মো. রাকিব (২৫) ও সিপাহীবাগ এলাকার মরিয়ম বেগম (৪৫) এবং যাত্রাবাড়ী এলাকার লিজা আক্তার (১৬)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
এর মধ্যে রাকিব রিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। থাকতেন রিয়াজবাগ ছয় নম্বর গলির একটি রিকশা গ্যারেজে।
মরিয়ম বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন সিপাহীবাগের আইসক্রিম গলির মক্কা টাওয়ারের পাশের রাস্তায় জমে থাকা পানিতে। বৃষ্টির কারণে ওই রাস্তায় হাঁটু সমান পানি জমেছিল। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া কবরস্থান গলিতে থাকেন তিনি। স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। রাতে গার্মেন্টস থেকে বাসায় ফিরেন। এরপর ছেলে ইয়ামিনকে খুঁজতে বাসা থেকে বের হয়েছিলেন। এরপরই রাস্তায় এই দুর্ঘটনার শিকার হন।
আর লিজা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হন টিনের প্রাচীর স্পর্শ করে। তার বাবার নাম সিরাজ খান। তারা থাকেন যাত্রাবাড়ীর দরবার শরীফ এলাকায়।
রাকিবের সহকর্মী খোকন মিয়া বলেন, রাতে বৃষ্টির কারণে তাদের গ্যারেজে পানি জমে ছিল। সেই পানির মধ্যে রিকশা রেখে ব্যাটারি চার্জ করছিলেন রাকিব। চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মরিয়ম বেগমের প্রতিবেশী মো. নাহিদ নামে এক যুবক জানান, রাত নয়টার দিকে মক্কা টাওয়ারের পাশে একটি রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই নারী। রাস্তাটিতে বৃষ্টির কারণে হাঁটু সমান পানি জমেছিল। সেখানে সম্ভবত বিদ্যুতের কোন তার ছিড়ে পড়েছিল বা বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়েছিল। আর সেখান থেকেই ওই নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।
নাহিদ জানান, মরিয়ম বেগমকে পানিতে পড়ে থাকতে দেখে তিনি এবং স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই স্থানে কিছুদিন পরপরই এমন দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
লিজার পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে আটটার দিকে কোনো কারণে বাসার পাশে টিনের একটি প্রাচীর স্পর্শ করেন লিজা আক্তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এ সময় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এনএআর/
-
২৭ মে, ২০২৪