বিশ্ব পুষ্টি দিবস আজ
ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে
মেডিভয়েস রিপোর্ট: আজ মঙ্গলবার (২৮ মে) বিশ্ব পুষ্টি দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধ করতে হবে। কেননা ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ছাড়া জনগণের পুষ্টি ঘাটতি মোকাবেলা ও স্বাস্থ্য উন্নয়ন সম্ভব নয়।
বরং এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। এ জন্য ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব পুষ্টি দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেছেন, ‘দেশে অপুষ্টির ঘাটতি মোকাবেলায় সরকার ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন করেছে। ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধ করতে হবে। তা না হলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’
আইসিডিডিআর,বির ২০১৭ সালের এক গবেষণায় দেখা যায়, বাজারে মোট ভোজ্যতেলের ৬৫ শতাংশ ড্রামে বাজারজাত করা হয়, যার ৫৯ শতাংশই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয়। এ ছাড়া ৩৪ শতাংশে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ নেই।
পরিস্থিতি উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে ২০২২ সালের জুলাই মাসের পর থেকে ড্রামে খোলা সয়াবিন তেল বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। পরে ডিসেম্বরের পর থেকে খোলা পাম তেল বাজারজাতকরণও বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। তবে এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন এখনো দেখা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, ড্রামের খোলা ভোজ্যতেলে ভেজাল মেশানোর সুযোগ থাকে এবং ননফুড গ্রেডেড প্লাস্টিক ড্রাম বারবার ব্যবহারের ফলে ভোজ্যতেল বিষাক্ত হয়ে যেতে পারে।
জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, ছয় থেকে ৫৯ মাস (পাঁচ বছর) বয়সী শিশুদের ৫০ দশমিক ৯ শতাংশ এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের (গর্ভবতী বা দুগ্ধদানকারী নয়) মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে।
ভিটামিন ‘এ’ এর অভাবে অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়।
এনএআর/