১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩০ পিএম

ঝর্ণা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ঝর্ণা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আনাসের মৃত্যু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের মীরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আল শাহরিয়ার আনাস (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝর্ণার ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত শাহরিয়ার আনাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি রাজধানীর উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক। দুই ভাইয়ের মধ্যে শাহরিয়ার আনাস ছিলেন বড়।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শাহরিয়ার আনাস ঢাকা থেকে তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুরতে যান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াছড়া ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার আনাস। পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ঝরনার ওপর থেকে পড়ে যাওয়া একজনকে বিকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার আগেই মারা যান তিনি।

জানতে চাইলে মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে গতরাতে তারা এসে লাশ নিয়ে যান।

এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি বলে জানান তিনি। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত