এমবিবিএসে ভর্তি
থাকছে না জেলা কোটা, মুক্তিযোদ্ধার ফাঁকা আসনে সুযোগ পাবে সাধারণ শিক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে, সেসব আসনে ভর্তির সুযোগ পাবে সাধারণ শিক্ষার্থী। এ ছাড়া সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিবে, তাদের ১০ নম্বর কেটে নেওয়া হবে।
রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে জেলা কোটা বাতিল করা হয়েছে। গতবছর মুক্তিযোদ্ধা কোটায় বেশ কিছু আসন ফাঁকা থেকে গেছে। এবার আমরা সেসব আসন কীভাবে পূরণ করা যায়, সে বিষয়ে পর্যালোচনা করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গেও পরামর্শ করেছি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে, সেসব আসনে সাধারণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।’
দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই মেডিকেলে ভর্তি থেকেও দ্বিতীয়বার পরীক্ষা দেয়। পরবর্তীতে ভালো কোথাও ভর্তির সুযোগ পেলে তাঁর পূর্বের আসনটি নষ্ট হয়ে যায়। এতে সরকারের অর্থ অপচয় হয়। আমরা এবার এ বিষয়ে কঠোরতার জন্য সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১৫ নম্বর কাটার পরামর্শ দিয়েছিলাম। পরে সবার পরার্শক্রমে ১০ নম্বর কাটার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি নেই, এমন শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে পূর্বের মতো ৫ নম্বর কাটা যাবে বলেও জানান অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।
জানা গেছে, মেডিকেলের মোট আসনের ২০ শতাংশ আসন বরাদ্দ থাকে জেলা কোটায় আবেদন করা শিক্ষার্থীদের জন্য। এই কোটা সবার জন্যই প্রযোজ্য। ২০২২-২৩ শিক্ষাবর্ষে জেলা কোটায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিলেন। গড়ে প্রতিটি জেলা থেকে প্রায় ১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা।
আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। দেশি শিক্ষার্থীরা পহেলা জানুয়ারি ও বিদেশি শিক্ষার্থীরা ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১১ জানুয়ারি। রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে, যেটা আগেও ছিল। তবে এবারে মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।’
মন্ত্রী জানান ‘অনলাইনে আবেদন শুরু হবে ১১ জানুয়ারি। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। ৮ ফেব্রুয়ারি আসন বণ্টন।’
তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারো কোনো অভিযোগ ছিল না। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে। একজন প্রশ্নকারী একটি প্রশ্নই করেন, অন্যরা তা জানতে পারেন না। যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় এবং খোলা হয়, তা ডিজিটাল পদ্ধতিতে। যে কারণে যে কেউ প্রশ্ন খুলতেও পারবে না। এমনকি নেয়ার পথেও যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে ডিজি অফিসে লালবাতি জ্বলে ওঠে। এমনকি পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকে।’
এসএস/এএনএম
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়