২৫ নভেম্বর, ২০২৩ ১২:৫৮ পিএম

রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের প্রান্তিকে প্রশিক্ষণের প্রক্রিয়া

রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের প্রান্তিকে প্রশিক্ষণের প্রক্রিয়া
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস ও ডিপ্লোমা-এমফিল কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের প্রান্তিক মেডিকেল কলেজে যথাক্রমে এক বছর ও ছয় মাস কর্মকালীন প্রশিক্ষণের প্রক্রিয়া নিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ মার্চ-২০২৪ কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মেডিভয়েসের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন তিনি।

প্রান্তিকে কর্মকালীন প্রশিক্ষণ বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘যেখানে কোর্স আছে, সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠানো হবে। অর্থাৎ সে প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের এখানে (বিএসএমএমইউ) আসবেন, আমাদের ছাত্ররা ওখানে যাবেন। এতে সরকারের কোনো সমস্যা হবে না, আমাদেরও (কোর্স) কোনো সমস্যা হবে না। এ ক্ষেত্রে বাইরে গেলে বরং বড় প্রতিষ্ঠানে প্রশিক্ষণের লব্ধ অভিজ্ঞতা প্রান্তিকে প্রয়োগের সুবাদে শেখাটা আরও মজবুত হবে। কাজেই সমস্যা নেই।’

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এটা ব্লক ওয়াইজ করা হবে। এর মধ্যে শিক্ষার্থীরা দুটি ব্লক হয় তো ঢাকা মেডিকেলে যাবেন, আবার ঢাকা মেডিকেলের প্রশিক্ষণার্থীরা বিএসএমএমইউতে আসবেন, একইভাবে একটা গ্রুপ সলিমুল্লাহতে যাবে এবং সলিমুল্লাহর ওরা বিএসএমএমইউ আসবে। এভাবে আন্তঃপ্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে, যাতে প্রশিক্ষণে কোনোরূপ বিঘ্ন না ঘটে।’

বিএসএমএমইউ ভিসি আরও বলেন, কোর্স কালিকুলাম যেভাবে চলছে, সেই কাঠামোতেই চলবে। ফেজ বিতে এটি শুরু হবে এবং সরকারি-বেসরকারি সকল প্রার্থীকেই এর আওতায় আনা হবে। 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা বা জেলায় এটি কখনো হবে না, কারণ ওখানকার প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে গণ্য না। বরং যেসব মেডিকেল কলেজে কোর্স আছে, সেখানেই পাঠানো হবে।

সম্প্রতি পাঁচ বছরের রেসিডেন্সি এবং দুই বছরের ডিপ্লোমা-এমফিল কোর্স পুনর্গঠন সংক্রান্ত বিএসএমএমইউর এক অফিস আদেশে বলা হয়, এখন থেকে এমডি-এমএস এক বছর, ডিপ্লোমা-এমফিলের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ হিসেবে গণ্য হবে। আগামী জুলাই থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়, ‘২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভার সুপারিশক্রমে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ৯১তম সভায় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত জুলাই ২০২৩ সেশন থেকে ক্লিনিক্যাল সাবজেক্টসমূহের এমডি/এমএস কোর্সের ৫ বছরের মধ্যে ১ বছর এবং ডিপ্লোমা/এমফিল কোর্সের ২ বছরের মধ্যে ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ (অন দ্য জব ট্রেনিং) হিসেবে সম্পন্নের লক্ষ্যে কোর্স কারিকুলাম চলমান থাকবে; এই ভিত্তিতে অনুমোদিত হয়েছে। ছাত্রদের ডিস্ট্রিবিউশন কোর্স থাকা স্বাপেক্ষে বিএসএমএমইউ করবে, তবে ছাত্রদের থাকার ব্যবস্থা সরকার করবে।’

আরও পড়ুন: রেসিডেন্সি কোর্স পুনর্গঠন করে প্রজ্ঞাপন, প্রান্তিক মেডিকেলে ২ বছর প্রশিক্ষণ

এর আগে গত বছর পাঁচ বছরের রেসিডেন্সি কোর্সের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মেয়াদ কমিয়ে দুই বছর স্থানীয় পর্যায়ের মেডিকেলে কর্মকালীন প্রশিক্ষণের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। একই নির্দেশনার আওতায় ডিপ্লোমা/এমফিল কোর্সের চিকিৎসকগণ তাদের কোর্সের মেয়াদের এক বছর প্রান্তিক মেডিকেলে প্রশিক্ষণের কথা বলা হয়।

তবে চূড়ান্তভাবে তা রেসিডেন্সি ও ডিপ্লোমা-এমফিল কোর্সে যথাক্রমে এক বছর ও ছয় মাস করার সিদ্ধান্ত নিলো সরকার।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি কোর্সে নতুন নিয়ম
  এই বিভাগের সর্বাধিক পঠিত