৩০ অক্টোবর, ২০২৩ ১২:১০ পিএম

বিশ্বে মোট ৩ শতাংশ মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত

বিশ্বে মোট ৩ শতাংশ মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে।

মেডিভয়েস রিপোর্ট: সারাবিশ্বে মোট তিন শতাংশ মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রোববার (২৯ অক্টোবর) বিশ্ব সোরিয়াসিস দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যৌথভাবে একটি শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগ এবং সোরিয়াসিস এওয়ারনেস ক্লাব। এই শোভাযাত্রায় তারা এ কথা বলেন।

শোভাযাত্রায় জানানো হয়, সোরিয়াসিস এক ধরণের সাধারণ এবং দীর্ঘ মেয়াদী চর্মরোগ। তবে কোন ধরণের ছোঁয়াচে বা সংক্রামক চর্মরোগ নয়। এ রোগের মূল কারণ এখনও জানা যায়নি। সোরিয়াসিস নারী ও পুরুষ উভয়েরই হতে পারে এবং যেকোন বয়সে এই রোগ হতে পারে। তবে ১৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বেশি দেখা যায়। ৪৬ বছর বয়সের আগেই ৭৫ শতাংশ সোরিয়াসিস রোগ নির্ণয় হয়।

এ সময় আরও জানানো হয়, সোরিয়াসিসে আক্রান্ত রোগীর আনুমানিক এক তৃতীয়াংশ অস্থি সন্ধির প্রদাহে ভুগতে পারে। সাধারণত ত্বকে সোরিয়াসিসের লক্ষণ প্রকাশ পাওয়ার কিছু কাল পরে অস্থি সন্ধি আক্রান্ত হয়। তবে কখনো কখনো ত্বকে সোরিয়াসিসের লক্ষণ অনুপস্থিত থেকে শুধুমাত্র অস্থি সন্ধি আক্রান্ত হতে পারে। সোরিয়াসিস আক্রান্ত অস্থি সন্ধির এ প্রদাহকে সোরিয়াটিক আথ্রাইটিস বলে। সোরিয়াটিক আথ্রাইটিস দেহের যেকোন অস্থি সন্ধিতে হতে পারে। তবে হাতের অস্থি সন্ধিসমূহ, হাটু ও গোড়ালির অস্থি সন্ধিতে বেশি পরিলক্ষিত হয়। অধিকাংশ ক্ষেত্রে ত্বক ও অস্থি সন্ধির সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের নখে সোরিয়াসিস হয়। তবে অনেক সময় শুধু নখেই সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিসের লক্ষণ হিসেবে নখের উপরিভাগে এক বা একাধিক গর্ত দেখা যায়, নখের অগ্রভাগ ভেঙ্গে যায়, নখ নিচ থেকে আলাদা হয়ে যায় এবং নখের বহিঃস্তর সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ভঙ্গুর নখের রং সাধারণত হরিদ্রাভ ও বাদামী হয়। একে অনেকে নখের ছত্রাক সংক্রমণ মনে করে থাকেন।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, চর্মরোগ সোরিয়াসিসসহ সকল ধরণের রোগের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়। সোরিয়াসিস কোনো ছোঁয়াছে রোগ নয়। এটি চিকিৎসার মাধ্যমে ভালো হয়। সোরিয়াসিস চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতি ফটোথেরাপি মেশিনের মাধ্যমে চিকিৎসাও এ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সোরিয়াসিসের চিকিৎসাসহ অন্যান্য রোগের চিকিৎসা বিলম্ব হলে আরও অনেকের রোগের সৃষ্টি হয়ে থাকে। তবে সব রোগের চিকিৎসা সেবা এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যা অনেকে জানেন না।

শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মুহাম্মদ মুনীর রশিদ, সোরিয়াসিস ওয়ালফেয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. সামিউল হক, সাধারণ সম্পাদক ডা. এম আবু হেনা চৌধুরী,  চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. লুবনা খন্দকার, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মুস্তাক মাহমুদ, অধিকতর উন্নয়নসমূহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত