বিএসএমএমইউয়ে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতির জেনারেটর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী এ জেনারেটর উদ্বোধন করেন।
এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিসমূহ সংযোজন করতে তৎপর রয়েছে। আমি দায়িত্বভার গ্রহণের পর সারাবিশ্বের চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, তা সংযোজন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আজ এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন তারই অংশ বিশেষ। এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদামতো অক্সিজেন অটোমেটিকভাবে সরবরাহ করা যাবে।’
ইতোমধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কিছু বাকি আছে, সেগুলোও দ্রুততম সময়ে সংযোজন হবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন পদ্ধতির অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এ জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপনের ফলে বিএসএমএমইউর বাইরের প্রতিষ্ঠানের উপর অক্সিজেন নির্ভরতা কমবে।
এই জেনারেটরে শুধুমাত্র বিদ্যুতের খরচ হবে। জেনারেটরটি বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ শতাংশ থেকে ৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম।