এইচএসসি পরীক্ষা
ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু মহামারি বাড়লেও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। সব পরীক্ষা কেন্দ্রেই ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীর জন্য চিকিৎসাসহ বিশেষ ব্যবস্থা রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। এই তিন বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হলেও ফলাফল একই সাথে প্রকাশ করা হবেও বলে জানান তিনি।
ডা. দীপু মনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই। কিন্তু আমরা চেষ্টা করব ৬০ দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করতে।
এছাড়া ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে করার। এবারও আমরা চেষ্টা করেছিলাম। অনেক কিছুর ওপর নির্ভর করবে। আর এসএসসি চেষ্টা করবো আগের মতো ফেব্রুয়ারিতে নিতে।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। কিন্তু সাম্প্রতিক বন্যার কারণে চট্টগ্রামসহ তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
জানা গেছে, এবার সারাদেশে মোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।