ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুমেক শিক্ষার্থীদের সংঘর্ষ, গ্রেপ্তার ২
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক নাহিদ হাসান মৃধা মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।’
গত সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় খুমেক হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এক দফা দাবিতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যান। একই সঙ্গে মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।
এ বিষয় খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর মেডিভয়েসকে বলেন, ‘২ জনকে গ্রেপ্তার করেছে। আরও ২ আসামি আছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে।’
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, কর্মবিরতি প্রত্যাহার করব কিনা, তা আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মিটিং সাড়ে ১১টা শুরু হওয়া কথা জানান তিনি।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্ণারে এক মেডিকেল শিক্ষার্থী কিছু ওষুধ কিনতে যান। সেখানে ওষুধের মোট মূল্য হয় ৭০ টাকা। কিন্তু ওই ৭০ টাকার ওষুধে শতকরা ১০ টাকা কমিশন দিয়ে ৬৩ টাকা রাখার অনুরোধ জানান তিনি। কিন্তু ৭০ টাকার ওষুধে কোনো কমিশন নেওয়ার সুযোগ নেই জানালে-এ নিয়ে শিক্ষার্থী ও বিক্রেতার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।