১৩ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাবিত প্রকল্প দুটির আওতায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার ও উন্নীত করা হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করাই এর লক্ষ্য।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নে প্রথম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় প্রকল্পের ব্যয় ১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্প দুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, দেশের স্বাস্থ্য খাতে অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে। অনেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এ অবস্থায় দেশের ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সব সুযোগ-সুবিধাসহ ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উপজেলা হাসপাতালে বাড়বে সেবার পরিধি

প্রথম প্রকল্পের আওতায় বিভিন্ন শয্যাসংখ্যার হাসপাতাল নির্মাণ ও উন্নীত করা হবে। পাশাপাশি ৪৪৩টি উপজেলায় সমন্বিত বহুতল সেবাভবন এবং ১৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), আধুনিক অপারেশন থিয়েটার, মাতৃ ও নবজাতক সেবা, ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা এবং ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাও উন্নত করা হবে।

ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে নতুন স্বাস্থ্যকেন্দ্র

দ্বিতীয় প্রকল্পের আওতায় ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হবে। এসব প্রতিষ্ঠানে আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম, নিরাপদ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হবে।

এ ছাড়া মাতৃ ও শিশুসেবা, নারীদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের চিকিৎসা এবং মৌলিক পরীক্ষার সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদারে বিদ্যমান ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর পাশাপাশি পর্যায়ক্রমে আরও ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও রোগী শনাক্তের কাজ করবেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু মানুষের দোরগোড়ায় নয়, বরং মানুষের ঘরের ভেতরেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।’

সূত্র: বাসস 

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক