দেশে হার্ট সার্জারির সুযোগ বাড়লেও শিশুদের চিকিৎসায় বড় সংকট, বাধা দক্ষ সার্জনের অভাব
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাপ্তবয়স্কদের হার্ট সার্জারির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ চিকিৎসক থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগী চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে শিশুদের হৃদরোগের জটিল চিকিৎসায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষ ও প্রশিক্ষিত সার্জনের সংকট। এমন বাস্তবতায় হৃদরোগ চিকিৎসা ও গবেষণার অগ্রগতি, বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের (বিএইআরএ) ২০তম বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালায়।
হৃদরোগ চিকিৎসা ও গবেষণার অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে আয়োজিত এ সম্মেলনে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে এই চিকিৎসার নানা দিক তুলে ধরেন তারা।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এস. আর. খান। প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা (অব.) বলেন, দেশে বর্তমানে অন্তত ৫০টি কেন্দ্রে হার্ট সার্জারির সুযোগ রয়েছে। তাই প্রাপ্তবয়স্কদের হৃদরোগের অস্ত্রোপচারের ক্ষেত্রে দেশে চিকিৎসাসুবিধার অভাব রয়েছে, এমনটি বলা যাবে না। এ ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আর্থিক অসচ্ছলতা। হার্ট সার্জারি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক দরিদ্র রোগীর পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয় না। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে অস্ত্রোপচার থেকে বঞ্চিত হন।
প্রাপ্তবয়স্কদের হার্ট সার্জারির জন্য দেশে দক্ষ ও প্রশিক্ষিত সার্জনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসুবিধাও রয়েছে জানিয়ে স্পেশালাইজড হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের কোওর্ডিনেটর ও বিভাগীয় এই প্রধান বলেন, কোনো রোগীর অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকলে সাধারণত চিকিৎসাসেবা পেতে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় না।
‘তবে শিশুদের হৃদরোগের চিকিৎসা, বিশেষ করে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত সার্জনের যথেষ্ট অভাব রয়েছে। শিশুদের অনেকেই জটিল জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়, যার সব ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। আবার যেসব রোগের চিকিৎসা দেশে সম্ভব, সেসব ক্ষেত্রেও বিশেষজ্ঞ সার্জনের অভাবে অনেক শিশু প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক শিশুর মৃত্যুও হচ্ছে’—বলেন এই ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট।
তিনি আরও বলেন, কিছু জটিলতা সত্ত্বেও যেসব শিশুর অস্ত্রোপচার দেশে সম্ভব, তাদের চিকিৎসা ও সার্জারি বর্তমানে বাংলাদেশেই করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন এবং অধ্যাপক ডা. ফারুক আহমেদ।
দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমে প্রাপ্তবয়স্ক হৃদরোগ, শিশু হৃদরোগ, শিশুদের কার্ডিয়াক সার্জারি এবং প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি নিয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রাপ্তবয়স্ক হৃদরোগ বিষয়ক অধিবেশনে হৃদরোগ, কিডনি ও বিপাকীয় রোগের সমন্বিত ব্যবস্থাপনা, দক্ষিণ এশীয় জনগোষ্ঠীতে ডিসলিপিডেমিয়া, বাংলাদেশে হার্ট ফেইলিউর ব্যবস্থাপনার ভবিষ্যৎ এবং হৃদরোগে টিকাদানের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় শিশু হৃদরোগ বিষয়ক অধিবেশনে শিশুদের অ্যারিথমিয়া, জন্মগত হৃদরোগের ইকোকার্ডিওগ্রাফি, নিবিড় পরিচর্যা এবং পারকিউটেনিয়াস ইন্টারভেনশন নিয়ে বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ ছাড়া শিশুদের কার্ডিয়াক সার্জারি অধিবেশনে টেট্রালজি অব ফ্যালটের অস্ত্রোপচার, জন্মগত হৃদরোগের সার্জারিতে কার্বন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণ এবং থ্রিডি হার্ট মডেলের ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাপ্তবয়স্কদের কার্ডিয়াক সার্জারি অধিবেশনে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির বর্তমান অবস্থা, স্বাস্থ্যবীমা, স্নাতকোত্তর প্রশিক্ষণ, মাইট্রাল ভালভ সার্জারি এবং সিএবিজির দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অন্যতম আকর্ষণ ছিল হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ। এতে জন্মগত হৃদরোগের ইকোকার্ডিওগ্রাফি এবং কার্ডিয়াক সার্জারি বিষয়ক ওয়েট ল্যাব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা কার্ডিয়াক ইমেজিং, ডপলার মূল্যায়ন, জন্মগত হৃদরোগ শনাক্তকরণ এবং কার্ডিয়াক সার্জারির বিভিন্ন ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
এ ছাড়া সম্মেলনে ফ্রি পেপার সেশনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণায় বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির অগ্রগতি, আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।
দিনব্যাপী বৈজ্ঞানিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, অর্জন নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নতুন উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন হৃদরোগ চিকিৎসা ও গবেষণার মানোন্নয়ন, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমআই/এমইউ/