১০ জুলাই, ২০২৩ ০৭:০২ পিএম

প্রধানমন্ত্রীর ওপর আস্থাশীল পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা, শাহবাগের কর্মসূচি স্থগিত 

প্রধানমন্ত্রীর ওপর আস্থাশীল পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা, শাহবাগের কর্মসূচি স্থগিত 
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তবে প্রধানমন্ত্রীর ওপর ভরসা রেখে আগামীকালের শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তাঁরা।

সোমবার ( ১০ জুলাই) সন্ধ্যায় পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সহ-সভাপতি ডা. তানভীর মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী চিকৎসকদের ৮ সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে তিনজনকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর (পিএস) কাছে দাবি-দাওয়া সংক্রান্ত বিষয়ে বুঝিয়ে বলার পর তিনি সমস্ত কাগজপত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। এ সময় পিএস তাদেরকে অপেক্ষা করতে বলেন। চিকিৎসকদের প্রতিনিধি দল অপেক্ষা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি। কারণটা খুব সহজেই অনুমেয়, আমরা আগে থেকে শিডিউল দিয়ে আসিনি।’

প্রধানমন্ত্রীর পিএসকে উদ্ধৃত করে ডা. তানভীর আরও জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসকদের ব্যাপারের যথেষ্ট আন্তরিক। আগামী ২-৩ দিনের মধ্যেই চিকিৎসকদের প্রতিনিধি দলকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিবেন পিএস।

তিনি আরও বলেন, ‘অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ স্যার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান এবং ভরসা রেখে আমরা আগামীকালের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে।’

‘আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেটা করতে সক্ষম হয়েছি৷ এবং আমরা এটাও জানি, যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যেতে পেরেছি, আমরা আমাদের দাবি আদায় করবোই। ভরসা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর। ইনশাআল্লাহ, জয় আমাদের হবেই হবে। এই সময়ে যে কেউই যদি কর্মবিরতি পালনে কোনো ঝামেলা করেন বা আমাদের ভোগান্তি দেয়, আপনারা তাদের পরিচয় এবং ফোন নম্বর নিঃসংকোচে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাবেন, বাকিটা আমরা দেখবো,’ যোগ করেন ডা. তানভীর।

প্রসঙ্গত, এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে যান বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। গত ৮ ও ৯ জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন তারা। গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন এবং স্মারকলিপি দিবেন।

আন্দোলনকারীরা চিকিৎসকরা জানিয়েছেন, প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন, সেটা থেকে প্রতীয়মান হয় যে, মন্ত্রী সাহেব আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছু আমরা পাইনি। তাই ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে চিকিৎসকরা বলেন, ‘আমরা শুনেছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে আমাদের দাবি পূরণ হতে পারে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। সাড়ে সাত হাজার ছেলে-মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের দিকে তাকাবেন।’

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক