ফের ঢামেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। ক্যানসার চিকিৎসায় অত্যন্ত জরুরি এ কার্যক্রম শুরু হওয়ায় রোগীরা লাভবান হবেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
জানা যায়, ২০২০ সালে করোনা মহামারিকালে ঢামেক হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হয়। তখন ঢামেক হাসপাতালের দুই নম্বর ভবনের বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার কারণে ইউনিটের বিভিন্ন কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। অবশেষে ভবনের বিভিন্ন কক্ষ মেরামত করে এবং ব্যবহার উপযোগী করে শুরু হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম।
এই প্রসঙ্গে হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, ‘গত বছরের জুলাই মাস থেকে এ সংক্রান্ত সব কাজ শুরু করি। এরপর গত ১২ জানুয়ারি করোনা পরবর্তী প্রথম অস্থিমজ্জ্বা কোষ প্রতিস্থাপন করা হয়। পরবর্তী রোগী আগামী দুই থেকে একদিনের ভেতরে ভর্তি করা হবে এবং তারও বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা হবে।’
তবে এরপর কিছুদিনের জন্য বিরতি নেওয়া হবে জানিয়ে অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, ‘এ সময়ে ভবনের কয়েকটি কক্ষ মেরামত করতে হবে আবার। সঙ্গে আরও কিছু কাজ করতে হবে। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে সব ধরনের অবকাঠামোগত মেরামত করে দেওয়া হবে।’
প্রসঙ্গত, ব্লাড ক্যানসার, লিউকেমিয়া, মাল্টিপল মায়েলোমা, থ্যালাসেমিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হলে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে।
এসএস