৩১ জুলাই, ২০২২ ০৫:৫৪ পিএম

আক্রান্ত ব্যক্তির থালাবাসনের মাধ্যমেও ছড়ায় হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’

আক্রান্ত ব্যক্তির থালাবাসনের মাধ্যমেও ছড়ায় হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’
বিএসএমএমইউ ভিসি বলেন, সবাই সচেতন হলে দেশে হেপাটাইটিস ‘বি’ ভাইরাস মুক্ত হবে।

মেডিভয়েস রিপোর্ট: হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত গ্লাস ও থালাবাসনের মাধ্যমে অন্যের শরীরে এ ভাইরাস প্রবেশ করে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৩১ জুলাই) সকাল ১০টায় বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের আয়োজনে এ্যালামনাই এসোসিয়েশনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘আর অপেক্ষা নয়, হেপাটাইটিস রোধে এখনই সময়’—প্রতিবাদ্য নিয়ে বিএসএমএমইউতে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি জনসচেতনমূলক শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজিত হয়।

এতে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘গরমের দিনে অনেকেই ঘরের বাইরে রাস্তা-ঘাটে ঠাণ্ডা পানি বিশেষ করে আখের শরবত, লেবুর শরবত খেয়ে থাকেন। এসব খাবার গ্রহণের আগে অবশ্যই গ্লাসকে ভাল করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। কারণ, হেপাটাইটিস- ‘এ’ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির ব্যবহৃত গ্লাসের মাধ্যমে অন্যের শরীরে এ ভাইরাস প্রবেশ করে। তাই এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থালাবাসন অন্য কেউ ব্যবহার না করাই শ্রেয়। এক কথায় বলতে গেলে, হেপাটাইটিস-‘এ’ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালাবাসনের ম্যাধমে সুস্থ মানুষও এ ভাইরাসে আক্রান্ত হয়।

তিনি আরও বলেন, সবাই সচেতন হলে দেশে হেপাটাইটিস ভাইরাসমুক্ত হবে। এ ভাইরাসে আক্রান্ত ১০ জন ব্যক্তির ৯ জনই জানেন না যে, তারা আক্রান্ত। এজন্য শরীরের কিছু পরিবর্তন যেমন, চোখের ভিতরে হলদে হয়ে যাওয়া, ভমি ভমি ভাব হওয়া, জ্বর হওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হলেই হেপাটাইটিস স্ক্রিনিং করে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দ্য লিভার ডিজিজেস সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ রহমান, রোটারিয়ান ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব। 

অনুষ্ঠানের সভাপত্বি করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন। প্রসঙ্গত, প্রতিবারের ন্যায় এবারও গত ২৮ জুলাই সারাবিশ্বে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের-‘ই’ ব্লকের বিএসএমএমইউর ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) আয়োজিত ইপনা ও কোরিয়ান বেসরকারি সাহায্য সংস্থা কোইকা আয়োজিত নোলেজড শেয়ারিং শীর্ষক সেমিনারে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে শিশুদের স্নায়ুরোগ চিকিৎসায় থেরাপির গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, খুব শ্রীঘই বিএসএমএমইউতে স্নায়ুরোগে আক্রান্ত শিশুদের থেরাপি মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত