নার্সিং ও মিডওয়াইফারিসহ তিন কোর্সে ভর্তি আবেদনের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের নার্সিং ও মিডওয়াইফারিসহ তিনটি কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) অধিদপ্তরের উপসচিব পরিচালক (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. রশিদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির নিমিত্ত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।’
‘আবেদন করার লিংক, নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিথাইফারি কাউন্সিল এর ওয়েবসাইট www.bnmc.gov.bd এ পাওয়া যাবে। আবেদন করার পূর্বে প্রার্থী অবশ্যই ওয়েবসাইট হতে Instructions & Advertisement ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ব করে নিবেন’।
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল যাদের সরকারি চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হয়নি, তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনলাইনে আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি:
আগামী ১৯ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে অনলাইন আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত। ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল রাত ১১ টা ৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও বিষয়:
আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত (এক ঘন্টা) এবং নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ক ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ), মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা অধিশাখার যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।