০৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:১৯ পিএম

মৃতদের প্রায় ৮০ ভাগ টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তর

মৃতদের প্রায় ৮০ ভাগ টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনায় মৃতদের প্রায় ৮০ ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘করোনায় মৃতদের প্রায় ৮০ শতাংশ টিকা নেননি। করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে।’

তিনি বলেন, ‘অমিক্রন তত বেশি ক্ষতি করে না, এটা একটা মিথ। এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই।’

দেশে টিকাদান অব্যাহত আছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, শিক্ষার্থীদের মধ্যে এ হার যথেষ্ট আশাব্যঞ্জক। 

তিনি জানান, এ পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।

এ সময় দেশে করোনায় মৃতদের মধ্যে অমিক্রনে প্রাণ হারানোদের সংখ্যা বলা দুরূহ বলে মন্তব্য করেন ডা. নাজমুল ইসলাম। তবে বিষয়টি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত