করোনা মোকাবিলায় চিকিৎসক-নার্সরা এখন প্রশিক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মোকাবিলায় দেশের চিকিৎসক ও নার্সরা প্রশিক্ষিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা এখন করোনা নিয়ে যুদ্ধ করছি। করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। গত দুই বছর একটানা আমরা কাজ করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক ও নার্সরা কাজ করেছেন।’
আজ বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) ‘বিশ্ব এইডস দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। অথচ আশেপাশে দেশে এখনও অনেক মৃত্যু হচ্ছে; ইউরোপ-আমেরিকাতেও মৃত্যু হচ্ছে। আমরা অনেক ভালো আছি। আমাদেরকে ভালো রাখতে হবে। মৃত্যু কমার পেছনে আরেকটি কারণও আছে; ভালো চিকিৎসা ব্যবস্থা হয়েছে বাংলাদেশ। হাসপাতালে ওষুধ আছে, অক্সিজেন আছে। চিকিৎসক ও নার্সরা এখন প্রশিক্ষিত। তারা সাহসী এবং ব্যবস্থা ভালো আছে। সে কারণে মৃত্যুহার কম। আরেকটি কারণ হলো আমরা ভ্যাকসিন নিচ্ছি। এখন আমরা প্রায় ছয় কোটি লোককে ভ্যাকসিন দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের টার্গেট আমরা ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দিব। অর্থাৎ যদি ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়ে নেয়; তাহলে আমরা নিরাপদভাবে থাকতে পারবো। আমাদের প্রায় ৫০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিনের অভাব নেই। আমাদের হাতে অনেক ভ্যাকসিন আছে। এখন আমরা আশা করি, আমাদের লোকজন যাতে এগিয়ে আসে। যাতে ভ্যাকসিন গ্রহণ করে। স্কুলের শিক্ষার্থীরাও যাতে এগিয়ে আসে। তারা ভ্যাকসিন গ্রহণ করে।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের আরেকটি রুপ হলো ওমিক্রন। মিউটেশন হয়েই এ রুপটি হলো। এ ভাইরাসটি ডেল্টার চেয়েও সংক্রামক। এটি খুবই শক্তিশালী একটি ভাইরাস শোনা যাচ্ছে। এখনও প্রমান হয় নাই কিভাবে ক্ষতি করবে এবং মাস্কভেদ করতে পারবে কিনা। এই ভ্যাকসিন দিয়ে এ ভাইরাস কার্যকর হবে কিনা। ভ্যাকসিন দিয়ে দমানো যাবে কিনা; এখনও জানা যায়নি। আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাবে। চিকিৎসার বিষয়ে আমরা আরও ভালো করে যথাযথ পদক্ষেপ নিতে পারবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ বারদান জুং ব্রানা, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রমুখ।