০১ ডিসেম্বর, ২০২১ ০৫:০৩ পিএম

এমবিবিএসে ভর্তি: ১ম দফায় মাইগ্রেশনের তালিকা বাতিল

এমবিবিএসে ভর্তি: ১ম দফায় মাইগ্রেশনের তালিকা বাতিল
দ্রুততম সময়ে এ সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানান স্বাস্থ্য ডিজি।

মো. মনির উদ্দিন: ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা বাতিল করা হয়েছে। দ্রুততম সময়ে এ সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজ বুধবার (১ ডিসেম্বর) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছে। নতুন তালিকা দ্রুতই প্রকাশ করা হবে।’ 

জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, ‘আমার স্বাক্ষরিত মাইগ্রেশনের তালিকা বাতিল সংক্রান্ত নোটিসটি সত্য।’

তালিকাটি কেন বাতিল করা হয়েছে, জানতে চাইলে অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘এই তালিকা ঘিরে কিছু অভিযোগ এসেছে। এ কারণে বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিশ্চিত করায় মহাপরিচালকের সঙ্গে কথা বলে আমি তালিকাটি বাতিল ঘোষণা করেছি। এটি বলবৎ থাকলে দ্বিতীয় এবং তৃতীয় মাইগ্রেশনে অনিয়মের বিষয়টিও প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। এ রকম অনিয়ম পরবর্তীতে যেন আর সংঘটিত না হয়, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন তালিকা দেওয়া হবে। তবে নতুন তালিকায়ও যেন কোনো সমস্যা না থাকে, তা নিশ্চিত করতে ঠাণ্ডা মাথায় পরবর্তী পদক্ষেপ নিতে হচ্ছে। এর আগে এ রকম না হওয়ায় আমি খানিকটা বিব্রত।’

তবে পরবর্তী তালিকা প্রকাশে সুনির্দিষ্ট কোনো সময়-ক্ষণ জানাতে অপরাগতা প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ পরিচালক।

এদিকে মাইগ্রেশনের তালিকা বাতিল সংক্রান্ত নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ২৯.১১.২০২১ খ্রি. তারিখে জারিকৃত ৬১৪ নং স্মারকটি (কপি সংযুক্ত) অনিবার্য কারণে বাতিল করা হলো। ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহ এমবিবিএস কোর্সে প্রথম দফায় মাইগ্রেশন/অপেক্ষমান তালিকা থেকে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত তথ্যাদি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

এতে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে বলেও অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত