০৯ ফেব্রুয়ারী, ২০২২ ০২:১৯ পিএম

শপথ নিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী

শপথ নিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী
এ নিয়ে টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন ডা. আইভী।

মেডিভয়েস রিপোর্ট: শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন ডা. আইভী।

একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াত আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী এক লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট। আইভী ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেছেন।

এক নজরে ডা. সেলিনা হায়াৎ আইভী

আইভী ১৯৬৬ সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা আলী আহাম্মদ চুনকা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে জয় লাভ করেন।

তিনি দেওভোগ আখড়া প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়শোনা করেন। ১৯৮৫ সালে রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য ওডেসা পিরাগোব মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১৯৯২ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯২-৯৩ সালে মিডফোর্ট হাসপাতালে ইন্টার্নি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মিডফোর্ট হাসপাতালে এবং ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন।

শিক্ষার্থী থাকাবস্থায় পিতার সঙ্গে রাজনীতে যুক্ত হন আইভী। ১৯৯৩ সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৩ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১১ সালের ৩০ অক্টোবর নারয়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। ২৭ নভেম্বর তিনি দেশের প্রথম নারী সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০১৭ সালের ৫ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. সেলিনা হায়াৎ আইভী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক